ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

লোকালয়ে দলছুট মুখপোড়া হনুমান

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ২২:১৪, ৭ ডিসেম্বর ২০২৩
লোকালয়ে দলছুট মুখপোড়া হনুমান
ছবি: ডেইলি বাংলাদেশ

পাবনার ভাঙ্গুড়া উপজেলার জনবসতিতে এক মুখপোড়া হনুমান ঘুরে বেড়াচ্ছে। বিলুপ্তপ্রায় প্রজাতির এ প্রাণীকে দেখতে ভিড় করছেন উৎসুক জনতা।  

স্থানীয়রা জানান, গত কয়েক দিন ধরে এ বন্য প্রাণীটিকে ভাঙ্গুড়ার বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে। ভাঙ্গুড়া বাজার, শরৎনগর বাজার, কলেজ পাড়া, চৌবাড়ীয়া মাষ্টার পাড়া, মন্ডল মোড়সহ বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছে। পথচারীরা এ বন্য প্রাণীটির হাতে কলা, বিস্কুটসহ নানা ফলমূল তুলে দিচ্ছেন। খাবার খাওয়া শেষ হলেই প্রাণীটি আবার উঠে যাচ্ছে গাছে অথবা বাড়ির ছাদে। তবে হঠাৎ লোকালয়ে চলে আসায় এ বন্য প্রাণীটির জীবননাশের শঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। 

এলাকার বেশ কয়েকজন ব্যক্তি বলেন, এভাবে চলতে থাকলে হনুমানটি খাবারের অভাবে মারা যাবে। অনেকে না বুঝে আতঙ্কিত হয়ে হনুমানটিকে মেরেও ফেলতে পারে। 

স্থানীয় স্কুলশিক্ষক আব্দুস সবুর জানান, গত বুধবার হনুমানটি ভাঙ্গুড়ায় নৌবাড়ীয়া গ্রামের গুমানী নদীর ব্রিজের ওপর ছিল। এসময় উৎসুক লোকজন হনুমানের পিছুপিছু ঘুরছিল। ছবি তোলা ও ভিডিও করার সঙ্গে সঙ্গে কেউ কেউ বিরক্ত করে। কুকুরের দলও মাঝে মাঝে হনুমানটিকে তাড়া করে। যশোর থেকে হয়তো কোনো কলার ট্রাকে উঠে অজান্তে চলে এসেছে এখানে।  

উপজেলা বন কর্মকর্তা এ জাহিদ হোসেন বলেন, এই হনুমানটি হয়তো দলছুট হয়ে জনপদে ঢুকে পড়েছে। সাধারণত খাবারের অভাবে এরা বন থেকে লোকালয়ে আসে। আবার এক সময় ঘুরতে ঘুরতে এরা নিজেদের দলে ঢুকে বনে চলে যায়। তিনি হনুমানটিকে বিরক্ত না করতে এবং এর থেকে দূরত্ব বাজায় রাখার পরামর্শ দেন। প্রাণীটিকে উদ্ধারে বিষয়ে তিনি উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন বলে জানান।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: পাবনা
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!