ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টেকনাফ-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল বন্ধ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ২২:৩১, ৫ ডিসেম্বর ২০২৩
টেকনাফ-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল বন্ধ
ফাইল ছবি

টেকনাফ-সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মিগজাউম’-এর প্রভাবে সৃষ্ট বৈরী আবহাওয়ার কারণে দুর্ঘটনা এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে সেন্টমার্টিন থেকে ফেরার অনিশ্চয়তায় পড়েছেন প্রায় ৩০০ পর্যটক।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে ‘কেয়ারি সিন্দবাদ বারো আউলিয়া’ এবং ‘আটলান্টিক’ জাহাজে দ্বীপ ভ্রমণে যান এক হাজারের মতো পর্যটক। একইদিন বিকেলে ৭০০ পর্যটক দ্বীপ ছাড়লেও সেখানে বাকিরা রাত্রিযাপন করেন।

এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) টেকনাফ অঞ্চলের ট্রাফিক সুপারভাইজার জহির উদ্দিন ভূঁইয়া বলেছেন, ‘বুধবার সকালে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকবে। কিছু পর্যটক সেখানে রাত্রিযাপন করছেন। তাদের আরো এক রাত সেখানে থাকতে হবে। পরিস্থিতি স্বাভাবিক হলে তাদের নিয়ে আসা হবে।’

Advertisement

পর্যটকবাহী জাহাজ কেয়ারি সিন্দাবাদের টেকনাফের ব্যবস্থাপক শাহ আলম বলেন, ‘সাগরে ৩ নম্বর সংকেত চলছে। ফলে বুধবার জাহাজ বন্ধ থাকবে। আবহাওয়া স্বাভাবিক হলে দ্বীপে অবস্থান করা পর্যটকদের ফিরিয়ে আনা হবে। এ ধরনের ঘটনায় কমপক্ষে দুই দিন জাহাজ চলাচল বন্ধ থাকে।’

টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, ‘ভ্রমণে আসা বেশকিছু পর্যটক দ্বীপে অবস্থান করছেন। তাদের খোঁজখবর রাখা হবে। আবহাওয়া স্বাভাবিক হলে আবার জাহাজ চলাচল শুরু হবে।’

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!