ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চট্টগ্রামে দুই যুবদল নেতাসহ গ্রেফতার ৩

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২০:০৯, ২৩ নভেম্বর ২০২৩
চট্টগ্রামে দুই যুবদল নেতাসহ গ্রেফতার ৩
ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রামে পৃথক অভিযান চালিয়ে ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও নাশকতা মামলার আসামি দুই যুবদল নেতাসহ তিনজনকে গ্রেফতার করেছে র‍্যাব। 

বুধবার এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার। এর আগে, সোমবার রাতে নগরের বায়েজিদ বোস্তামী ও পাঁচলাইশ থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- রাউজান উপজেলার বেরুলিয়া এলাকার আব্দুল মান্নানের ছেলে শাহজাহান শাকিল, রাঙ্গুনিয়া উপজেলার পূর্ব পাহাড় এলাকার নুরুল আলমের ছেলে নুরুল আবছার ও ব্রাক্ষণবাড়িয়ার নাসিরনগর উপজেলার সোনাতলা এলাকার আব্দুল হকের ছেলে তারেক। এর মধ্যে শাহজাহান শাকিল রাউজান পৌর যুবদলের সাধারণ সম্পাদক ও নুরুল আবছার রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক।

Advertisement

র‍্যাব জানায়, শনিবার রাত ৮টার দিকে নগরের চান্দগাঁও থানার পানামা প্লাজার সামনে পাকা রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে আগুন দিয়ে পালিয়ে যান দুষ্কৃতিকারীরা। গোপন সংবাদের ভিত্তিতে ঐ ঘটনার সঙ্গে জড়িতরা পাঁচলাইশ থানার মোহাম্মদপুর এলাকায় অবস্থান করছেন বলে জানতে পারে র‍্যাব। সেই সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সেখানে অভিযান চালিয়ে নুরুল আবছার ও তারেককে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে চান্দগাঁও এলাকায় গাড়িতে আগুন দেওয়ার কথা স্বীকার করেন তারা।

এছাড়া ৩১ অক্টোবর রাউজান থানায় হওয়া নাশকতা মামলার পলাতক আসামি শাহজাহান শাকিল নগরের বায়েজিদ বোস্তামী থানার চালিতাতলী এলাকায় অবস্থানের তথ্য আসে। সেই তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে সাড়ে ১০টার দিকে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ৩১ অক্টোবর রাউজানে ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগসহ নাশকতার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন শাকিল।   

র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক নুরুল আবছার বলেন, মঙ্গলবার পৃথক অভিযানে তাদের তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শাহজাহান শাকিলের বিরুদ্ধে রাউজান থানায় অস্ত্র ও ডাকাতির দুটি এবং তারেকের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় মাদক ও নাশকতার দুটি মামলা রয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা নিতে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!