ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গুপ্তধন ভেবে ‘বোতল’ কাটার চেষ্টা, বিস্ফোরণে আহত ৪

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: ২০:১১, ১৮ নভেম্বর ২০২৩
গুপ্তধন ভেবে ‘বোতল’ কাটার চেষ্টা, বিস্ফোরণে আহত ৪
সুন্দরগঞ্জ থানা- ফাইল ফটো

গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলায় বোতল সাদৃশ্য বস্তু দা দিয়ে কাটাতে গিয়ে বিস্ফোরণে একই পরিবারের চারজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার বিকেল ৫টার দিকে উপজেলার বেলকা ইউনিয়নের জিগাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- জিগাবাড়ি গ্রামের আব্দুল হাকিম ভুট্টু, তার স্ত্রী পারভীন বেগম, তাদের বড় ছেলে মারুফ মিয়া এবং ছোট ছেলে রিপন মিয়া।

বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার ওসি কেএম আজমিরুজ্জামান। স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, বেশ কিছুদিন আগে সুন্দরগঞ্জের তিস্তা নদীতে ভেসে আসা একটি বোতল সাদৃশ্য বস্তু বাড়িতে নিয়ে আসেন আব্দুল হাকিম ভুট্টু। পরে সেটিকে গুপ্তধন ভেবে একাধিকবার খোলার চেষ্টা করেও ব্যর্থ হন। শনিবার বিকেলে ঐ বোতল সাদৃশ্য বস্তুতে দা দিয়ে আঘাত করলে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঐ পরিবারের চারজন দগ্ধ হয়ে গুরুতর আহত হন। প্রথমে তাদের সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

Advertisement

ওসি আরো জানান, প্রাথমিকভাবে এটিকে বিস্ফোরক জাতীয় দ্রব্য বলে ধারণা করা হচ্ছে। বন্যায় সময় তিস্তা নদীতে এই বিস্ফোরক সাদৃশ্য দ্রব্যটি অন্য কোনো স্থান থেকে ভেসে আসতে পারে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!