ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]
ভয়াল ১৫ নভেম্বর 

২৬০ কিলোমিটার বেগে উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় সিডর

বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ২২:১৪, ১৪ নভেম্বর ২০২৩
২৬০ কিলোমিটার বেগে উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় সিডর
ফাইল ফটো

১৫ নভেম্বর ২০০৭। উপকূলীয় অঞ্চলের মানুষের কাছে চরম এক আতঙ্কের দিন। এ দিনে বরগুনাসহ দেশের দক্ষিণ উপকূলের ওপর দিয়ে ২৬০ কিলোমিটার বেগে ঘূর্ণিঝড় সিডর আঘাত হানে। বাগেরহাট, বরগুনা, পিরোজপুর জেলায় মুহূর্তেই লন্ডভন্ড করে দেয় উপকূলীয় এলাকারে মানুষের জীবন ও জনপদ।

সিডরে বরগুনার ৬ টি উপজেলার বেড়িবাঁধসহ রাস্তা এবং অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়। ১৫ শতাধিক মানুষের মৃত্যু হয় বরগুনার উপকূলে। নিখোঁজ অনেক স্বজনদের সন্ধান ১৬ বছরেও মেলেনি। বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়ন এবং পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউপির মাঝের চরে প্রাণ হারায় ২ শতাধিক নারী-পুরুষ ও শিশু।

তালতলী, আমতলী, বামনা, বেতাগী ও বরগুনার কয়েক হাজার কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে হাজার হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়। বরগুনা সদর উপজেলার নলটোনা ইউপির গর্জনবুনিয়ায় একই স্থানে সমাহিত করা হয় ৩৯ জনকে। পরবর্তীতে সেখানে বরগুনা প্রেসক্লাবের উদ্যোগে নির্মাণ করা হয় নিহতদের স্মরণে স্মৃতিতে সিডর স্মৃতিসৌধ। বরগুনা প্রেসক্লাবের উদ্যোগে জেলা প্রশাসনের সহযোগিতায় বরগুনা প্রেসক্লাব সিডর দিবস পালনের কর্মসূচি গ্রহণ করে। বেসরকারি উন্নয়ন সংগঠনগুলো এ কর্মসূচিতে অংশগ্রহণ করে। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!