ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কিশোরীকে ধর্ষণের পর ভিডিও ধারণ, আসামির ৭ বছরের জেল

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১২:০৭, ৯ নভেম্বর ২০২৩
কিশোরীকে ধর্ষণের পর ভিডিও ধারণ, আসামির ৭ বছরের জেল
ফাইল ফটো

পাবনার চাটমোহরে এক কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণের মামলায় সিরাজুল ইসলাম শিবুকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার দুপুরে আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান। ডিজিটাল নিরাপত্তা আইনের তিনটি ধারায় তাকে এই দণ্ড দেওয়া হয়। পরে আসামিকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা বলেন, ওই কিশোরীকে অস্ত্রের মুখে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন আসামি সিরাজুল। এ সময় ভিডিও করে রাখা হয়। সেটি ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে ওই কিশোরীকে আরো একাধিকবার ধর্ষণ করা হয়। এছাড়া এসব কথা কাউকে বললে কিশোরীর ছোট ভাইকে হত্যার হুমকি দেওয়া হয়।

Advertisement

তাতে ভয়ে ওই কিশোরী কারও কাছে মুখ খোলেনি। দুই বছর পর ওই কিশোরীর বিয়ের আয়োজন করে তার পরিবার। ২০২২ সালের ১২ জুলাই বিয়ের দিন ঠিক ছিল। বিয়ের খবর জানতে পেরে সিরাজুল ওই ছবি এবং ভিডিও হবু বরের মোবাইলে পাঠান। তাতে হবু বর বিয়েতে অস্বীকৃতি জানিয়ে বিষয়টি ওই কিশোরীর পরিবারকে জানান।

এদিকে বিয়ে ভেঙে যাওয়ার পর ১৪ জুলাই ওই তরুণী বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন। হাসপাতালে নিয়ে চিকিৎসার পর সুস্থ হলে তিনি ধর্ষণের ঘটনাটি পরিবারের কাছে খুলে বলেন। এরপর ভুক্তভোগীর মা বাদী হয়ে পাবনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। পরবর্তী সময়ে মামলাটি বিচারের জন্য রাজশাহী সাইবার ট্রাইব্যুনালে আসে।

তিনি বলেন, আদালত আলাদা দুটি ধারায় আসামিকে তিন বছর করে সশ্রম কারাদণ্ড ও ২ লাখ টাকা করে জরিমানা করেছেন। জরিমানার প্রতি ২ লাখ টাকা অনাদায়ে আরো তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অন্য একটি ধারায় এক বছরের সশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার এই ১ লাখ টাকা অনাদায়ে আরো তিন মাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!