ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কাতারের দোহায় অগ্নিকাণ্ড, নিহত ২ জনের বাড়ি ফেনীতে

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ২২:৪৯, ৬ নভেম্বর ২০২৩
কাতারের দোহায় অগ্নিকাণ্ড, নিহত ২ জনের বাড়ি ফেনীতে
ছবি: ডেইলি বাংলাদেশ

মধ্যপ্রাচ্যের দেশ কাতারের দোহায় একটি গাড়ির গ্যারেজে আগুনের ঘটনায় প্রাণ গেছে চার বাংলাদেশিসহ ছয় অভিবাসীর। স্থানীয় সময় রোববার (৫ নভেম্বর) রাতে দোহার ফিরোজ আব্দুল আজিজ এলাকায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে তা ছড়িয়ে পড়ে পাশের একটি ভবনেও।

নিহত চার বাংলাদেশিদের মধ্যে দুইজনের বাড়ি ফেনীতে, দুইজনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। নিহত বাকি দুইজন পাকিস্তানি নাগরিক।

ফেনীর নিহতরা হলেন- ফেনী পৌরসভার ৭নং ওয়ার্ডের দিস মোহাম্মদ ভূঁইয়া বাড়ির বাসিন্দা মোহাম্মদ মাহফুজুর রহমান ও দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের সোনাপুর গ্রামের আবুল খায়েরের ছেলে মীর হোসেন ফরহাদ।

Advertisement

নিহত মীর হোসেন ফরহাদের চাচাতো ভাই তৌহিদুল ইসলাম জানান, ফরহাদ পুড়ে অঙ্গার হয়ে গেছেন। তার কাগজপত্র নিয়েও কিছু জটিলতা আছে। পরিবারের পক্ষ থেকে ওই এলাকায় অবস্থানরত বাংলাদেশিদের সঙ্গে যোগাযোগ করে লাশ দেশে আনার চেষ্টা করা হচ্ছে। 

দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর বশীদ মিলন কাতারের দোহায় গাড়ির গ্যারেজে আগুনে মীর হোসেন ফরহাদের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। 

ফেনী পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর বাহার মিয়া মোহাম্মদ মাহফুজুর রহমান মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। মৃত্যুর খবরের পর থেকে পরিবারে শোকের মাতম চলছে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!