অভিযোগ উঠেছে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় হুমকির পর ঐ কলেজছাত্রীর বাড়িতে সম্রাট নামে এক যুবক অগ্নিসংযোগ করেছেন। এর আগেও সম্রাট তার লোকজন দিয়ে এমন ঘটনা ঘটানোর চেষ্টা করেছেন বলে দাবি করেন ঐ ছাত্রীর বাবা।
জানতে চাইলে ঐ কলেজছাত্রীর বাবা অভিযোগ করে বলেন, কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের এলংগী গ্রামের ভ্যানচালক বিল্লাল শেখের ছেলে সম্রাট শেখ দীর্ঘদিন ধরে আমার মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়ে পথে-ঘাটে বিরক্ত করে আসছে। বিয়ের জন্যও বাড়িতে লোক পাঠায় মাঝেমাঝে। তবে আমার মেয়ে বিয়েতে রাজি না হওয়ায় প্রায়ই হুমকি দিত সম্রাট। সে কয়েক বছর আগে সৌদি আরবে চলে গেছে। সেখান থেকে নিয়মিত ফোনে আমার মেয়েকে হত্যা এবং আমার ঘরবাড়ির জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়ে আসছে সম্রাট।
.png)
অভিযোগ করে তিনি আরো বলেন, আমার গোয়ালঘর, বসতঘরের প্রবেশপথ ও রান্নাঘরে আগুন জ্বলে ওঠে শনিবার রাত ১টার দিকে। পরে আমাদের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নিভানোর চেষ্টা করেন। একইসঙ্গে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। সবাই মিলে আগুন নিয়ন্ত্রণ করলেও প্রায় ১৫ লাখ টাকা ক্ষতি হয়েছে। এ ঘটনায় তিনি থানায় মামলা করবেন বলেও জানান।
ঐ কলেজছাত্রী অভিযোগ করে বলেন, প্রায় চার বছর আগে সম্রাটের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল আমার। তবে বনিবনা না হওয়ায় সে সম্পর্ক ভেঙে গেছে দুই বছর আগে। এরপর থেকে এসিড নিক্ষেপ, হত্যা ও পুড়িয়ে মারার হুমকি দিয়ে আসছিল। কয়েকবার সালিশও হয়েছে এ বিষয়ে। এরপরও আমাকে বিরক্ত করছে সম্রাট। তার হাত থেকে বাঁচতে চাই আমি।
আগুন দেওয়ার অভিযোগ অস্বীকার করে সম্রাটের মা স্বর্ণ খাতুন বলেন, ঐ মেয়ের সঙ্গে আমার ছেলের অনেকদিনের সম্পর্ক। বিয়ের প্রস্তাব নিয়েও তাদের বাড়িতে গিয়েছি আমরা। এ বিয়েতে রাজি না ঐ মেয়ের বাবা-মা। তবে তারা কারো বাড়ি আগুন দেননি বলেও দাবি করেন।
এ বিষয়ে কুমারখালী থানার ওসি মো. আকিবুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ঘটনার তদন্ত চলছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।