মৃত মোবারক হোসেন (২৫) জেলা শহরের পীর বাড়ির আব্দুল আলিমের ছেলে। তিনি দুবাই প্রবাসী ছিলেন।
জানা যায়, মোবারক গত ৭/৮ মাস আগে জেলা শহরের ছয়বাড়িয়া এলাকার সফর আলীর মেয়ে তানিয়াকে পারিবারিকভাবে বিয়ে করেন। বিয়ের কিছুদিন পর থেকে তাদের মধ্যে বনিবনা হচ্ছিলো না। একজন আরেকজনকে অবিশ্বাস করতেন। মোবারক শুক্রবার সন্ধ্যার দিকে শ্বশুরবাড়িতে যান। যাওয়ার পর তুচ্ছ বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। পরে মোবারক সবার অগোচরে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
.png)
মোবারকের বাবা আব্দুল আলিম অভিযোগ করে বলেন, মোবারককে তার স্ত্রী তানিয়া ও শ্যালক আশরাফুলসহ শ্বশুরবাড়ির লোকজন পিটিয়ে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখেন। এ ঘটনায় তারা আইনগত ব্যবস্থা নেবেন।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মো. আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে ছয়বাড়িয়া থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। স্বামী-স্ত্রীর বনিবনা হচ্ছিল না। মোবারক মাদকে আসক্ত ছিলেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃতের প্রকৃত কারণ জানা যাবে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।