ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লিবিয়ায় নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪৯, ৩ নভেম্বর ২০২৩
লিবিয়ায় নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা
নিহত জগদীশ চন্দ্র দাস

লিবিয়ার সাফা এলাকায় সন্ত্রাসীর গুলিতে জগদীশ চন্দ্র দাস নামে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন। এ সময় তার কাছে থাকা টাকা ও মালামাল লুটে নেন ওই সন্ত্রাসী। 

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যান ফিরোজ আলম রিগান। এর আগে, বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুরের দিকে লিবিয়ায় সাফা এলাকায় তাকে গুলি করে হত্যা করা হয়। 
 
নিহত জগদীশ চন্দ্র দাস নোয়াখালী সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মোহাম্মদপুর গ্রামের সাহাজীরহাট দাস পাড়ার গোকুল চন্দ্র দাসের ছেলে। তিনি এক সন্তানের জনক ছিল।  

নিহতের বাবা গোকুল চন্দ্র দাস বলেন, ছয় বছর আগে জীবিকার তাগিদে লিবিয়ায় সাফা এলাকায় পাড়ি জমায় জগদীশ। সেখানে সে নার্সারিতে বিভিন্ন ফল-ফুলের গাছ ও সবজি চাষ করত। কয়েক দিন আগে মালিকের ভাতিজার ছাগলের পাল জগদীশের নার্সারির প্রচুর গাছ নষ্ট করে। এ নিয়ে যে মালিকের অধীনে কাজ করে তার ভাতিজাকে একাধিকবার অভিযোগ করে সে।  

Advertisement

তিনি আরো বলেন, কিছুদিন আগে জগদীশ মালিকের ভাতিজাকে বলেন, আপনার ছাগল আমার নার্সারির কতগুলো গাছ নষ্ট করে ফেলেছে। বৃহস্পতিবার দুপুরের দিকে মালিকের ভাতিজা তার কয়েকটি ছাগল খুঁজে পাচ্ছে না বলে অভিযোগ তুলে। এরপর জগদীশ খেতে বসলে মালিকের ভাতিজা আকস্মিক এসে তাকে গুলি করে হত্যা করেন। বৃহস্পতিবার সন্ধ্যায় লিবিয়ায় থাকা আমার ছোট ছেলে সন্তোষ মোবাইলে তার বড় ভাইয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।   

সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ বলেন, বিষয়টি আমাদের অবহিত করা হয়নি। তবে নিহতের পরিবার অফিসিয়ালি সহযোগিতা চাইলে আমরা করব।   

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!