ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেহেরপুরে অটোরিকশা চালক হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৩, ১ নভেম্বর ২০২৩
মেহেরপুরে অটোরিকশা চালক হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার
গ্রেফতারকৃতরা

মেহেরপুরের মুজিবনগর উপজেলায় অটোরিকশা চালক বিজন হোসেন হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার সকালে মুজিবনগর থানার ওসি মেহেদি রাসেল এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, মঙ্গলবার রাতে মুজিবনগর থানা পুলিশ ও মেহেরপুর জেলা ডিবি পুলিশের সদস্যরা তথ্য প্রযুক্তির সহায়তায় তাদের ঢাকা থেকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা হলেন- মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামের হাশেম আলীর ছেলে সোহেল রানা (৩৮), ডাবলু শেখের ছেলে শাকিল শেখ (২৪) এবং শরিফ উদ্দীনের ছেলে ডালিম হোসেন (২০)।

Advertisement

নিহত বিজন হোসেন মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামের আব্দুর রহমানের ছেলে।

মুজিবনগর থানার ওসি মেহেদি রাসেল জানান, বিজন হোসেন গত ২৬ অক্টোবর নিজ বাড়ি থেকে অটোরিকশা নিয়ে মেহেরপুর শহরে ভাড়ার উদ্দেশে বের হন। পরে রাতে তিনি বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। তাকে না পেয়ে ২৭ অক্টোবর থানায় একটি জিডি করা হয়। পরে ২৯ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে মোনাখালী-বিশ্বনাথপুর গ্রামের মধ্যবর্তী মাঠের একটি বাঁশবাগানে স্থানীয়রা বস্তাভর্তি লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

খবর পেয়ে ঐ বাঁশবাগান থেকে লাশটি করা হয়। পরে সেটি বিজনের লাশ বলে শনাক্ত করেন তার পরিবারের সদস্যরা। এ ঘটনায় ৩০ অক্টোবর বিজনের পরিবারের পক্ষ থেকে মুজিবনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। এ মামলা দায়ের পর তথ্য প্রযুক্তির সহায়তায় মুজিবনগর থানা পুলিশ ও জেলা ডিবি পুলিশ মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ঢাকার মিরপুর এলাকা থেকে আসামিদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!