ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ছাগল বাঁধা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৯

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১৭, ১ নভেম্বর ২০২৩
ছাগল বাঁধা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৯
কুমারখালী থানা- ফাইল ফটো

বসতঘরের পাশে ছাগল বাঁধাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ উভয়পক্ষের নয়জন আহত হয়েছেন।

বুধবার সকালে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের বাটিকামারা এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে সাতজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

আহতরা হলেন- বাটিকামারা এলাকার আব্দুল খালেক (৭০), তার স্ত্রী জহুরা খাতুন (৬৫), তার দুই ছেলে জসিম উদ্দিন (৪৫) ও মানিক শেখ (৪০), নাছিমের স্ত্রী দিপা খাতুন (৬০), মানিকের স্ত্রী আসমানি খাতুন (২৫), জসিমের স্ত্রী নুরুন্নাহার (২৮), আকবর আলীর স্ত্রী কাঞ্চন খাতুন (১৮) এবং ইউসুফের ছেলে সাগর শেখ (২৫)।

Advertisement

সদকী ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য ইমরান হোসেন নাসির জানান, বাড়ির পথ ও জমি নিয়ে আব্দুল মানিকের পরিবারের সঙ্গে ইউসুফ শেখের বিরোধ চলছিল। বুধবার সকালে মানিকের স্ত্রী আসমানি প্রতিপক্ষের বাড়ির পাশে ছাগল বেঁধেছিলেন। এনিয়ে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্র লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয়পক্ষের অন্তত নয়জন আহত হয়েছেন।

দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে আসমানি খাতুন অভিযোগ করে বলেন, আমি সকালে প্রতিপক্ষের বাড়ির পাশে ছাগল বেঁধেছিলাম। এনিয়ে তর্কবিতর্কের একপর্যায়ে লাঠিসোঁটা নিয়ে তারা হামলা চালায়। এতে আমাদের সাতজন আহত হয়েছেন।

ইউসুফের ছেলে সাগর শেখ অভিযোগ করে বলেন, রাস্তার ওপর তারা ছাগল বেঁধেছিল। এতে চলাচলে সমস্যা হচ্ছিল। ছাগল সরাতে বলায় প্রতিপক্ষের লোকজন তাদের উপর হামলা চালায়।

কুমারখালী থানার ওসি মো. আকিবুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঐ এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এখন। আহতদের উদ্ধার হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!