শনিবার বিকেলে জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, শুক্রবার রাতে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত জীবন মিয়া কিশোরগঞ্জের কটিয়াদি থানার করগাঁও ইউনিয়নের তিলপাড়া এলাকার মেঘ মিয়ার ছেলে।
স্থানীয়রা ও পুলিশ জানায়, ২-৩ মাস আগে লক্ষ্মীপুরের কমলনগর থানার চরগাজী ইউপির চারপাগলা এলাকার ফজলু মিয়ার মেয়ে জোহরা বেগম বিউটির বিয়ে হয় জীবন মিয়ার। গত ৮-১০ দিন আগে তারা বনানীপাড়া এলাকার বকুলতলা এলাকার মালাকার বাড়ির ওবায়দুল হকের বাড়িতে বাসা ভাড়া নেন। দুই বছর বয়সী সন্তানসহ ভাড়া বাসায় ওঠেন জীবন-জোহরা দম্পতি৷ শুক্রবার রাত ৮টার দিকে হঠাৎ ওই বাসায় চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে শিশু হামিদার মরদেহ দেখতে পান।
.png)
শিশুর মা জোহরা বলেন, হামিদা তার প্রথম সংসারের সন্তান। এ কারণে তার দ্বিতীয় স্বামী জীবন সব সময় মেয়েটিকে নির্যাতন করতো। শুক্রবার অসুস্থ অবস্থায় মেয়েটিকে শারীরিক নির্যাতন করে হত্যা করেছে সে। মেয়েটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে জীবনকে আটক করে থানায় নিয়ে আসে। শনিবার নিহত শিশুর মা জোহরা আক্তার বাদী হয়ে ফেনী মডেল থানায় মামলা করেন। বিকেলে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে অভিযুক্ত জীবনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী।