ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঢাকায় নেয়ার কথা বলে বাসে গৃহবধূকে ধর্ষণ, অতঃপর...

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৩০, ২১ অক্টোবর ২০২৩
ঢাকায় নেয়ার কথা বলে বাসে গৃহবধূকে ধর্ষণ, অতঃপর...
গ্রেফতারকৃত জাহাঙ্গীর আলম

ময়মনসিংহের হালুয়াঘাটে গৃহবধূকে ধর্ষণ মামলায় জাহাঙ্গীর আলম নামে এক বাসচালককে গ্রেফতার করেছে পুলিশ। 

শুক্রবার (২০ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহের হালুয়াঘাট থানায় প্রেস ব্রিফিং করে সহকারী পুলিশ সুপার আহসান হাবিব। গ্রেফতারকৃত জাহাঙ্গীর আলম উপজেলার গোবরাকুড়া গ্রামের আব্দুল কাদিরের ছেলে। তিনি হালুয়াঘাট থেকে ঢাকাগামী ইমাম পরিবহনের চালক।

সহকারী পুলিশ সুপার আহসান হাবিব জানান, মামলার পর ওই নারীকে ফরেনসিক পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গ্রেফতারকৃত জাহাঙ্গীর আলমকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

Advertisement

তিনি আরো বলেন, ওই গৃহবধূ ঢাকায় তার স্বামীর কাছে যাওয়ার জন্য গত সোমবার (১৬ অক্টোবর) সকালে বাড়ি থেকে বৃদ্ধ নানার সঙ্গে বের হন। দুপুরে তার নানা ভুল করে ঢাকার বাসে না উঠিয়ে হালুয়াঘাটগামী একটি বাসে তুলে দেন তাকে। গৃহবধূর স্বামী তাকে ফোন করে জানতে চান, এখন তিনি কোথায় আছেন। কিন্তু তিনি না বলতে পারায় বাসচালকের সহকারীকে মোবাইল ফোন দিতে বলেন। সহকারীর সঙ্গে কথা বলে জানতে পারেন, তিনি ঢাকার বাসে না উঠে ভুল করে হালুয়াঘাটের বাসে উঠেছেন। 

পরে বাসচালক গৃহবধূকে হালুয়াঘাট বাসস্ট্যান্ডে গিয়ে ঢাকাগামী অন্য বাসে তুলে দেওয়ার আশ্বাস দেন। বিকেলে বাসচালকের সহকারী ওই নারীকে বাসস্ট্যান্ডে এক দোকানের সামনে দাঁড় করিয়ে রেখে অন্য বাসে উঠিয়ে দিতে সামনে যান। এ সময় অন্য এক বয়স্ক নারী জানতে চান তিনি কোথায় যাবেন? সেখানে দাঁড়িয়ে ছিলেন হালুয়াঘাট উপজেলার গোবরাকুড়া এলাকার বাসিন্দা ইমাম পরিবহনের বাসচালক জাহাঙ্গীর আলম। তিনি ঘটনাটি শুনে ওই নারীর পিছু নেন। যে বাসে করে ওই গৃহবধূ হালুয়াঘাটে গিয়েছিলেন সেই বাসের চালক তাকে ঢাকাগামী একটি বাসে উঠিয়ে দেন। 

সুযোগ বুঝে সেই বাসে উঠে পড়েন জাহাঙ্গীর। ওই নারী সরল বিশ্বাসে জাহাঙ্গীরের সঙ্গে ধারা বাজার মুরগিমহল এলাকায় নেমে পড়েন। তারপর জাহাঙ্গীর ওই নারীকে নিয়ে মুরগিমহলের পাশে নির্জন স্থানে দাঁড় করিয়ে রাখা ইমাম বাসে উঠে বসতে বলেন। বিকেল ৫টার দিকে ওই বাসচালক জাহাঙ্গীর বাসে উঠে দরজা বন্ধ করে দেন এবং ওই নারীকে ধর্ষণ করেন।

হালুয়াঘাট থানার ওসি সুমন চন্দ্র রায় বলেন, এ ঘটনায় শুক্রবার সকালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে জাহাঙ্গীর আলমকে আসামি করে থানায় একটি মামলা করেছেন ওই নারী। দুপুরে আসামিকে আদালতে পাঠানো হয়েছে এবং ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!