ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অপ্রাপ্তবয়স্ক তরুণীকে বিয়ে করতে গিয়ে শ্রীঘরে বর

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৯, ১৯ অক্টোবর ২০২৩
অপ্রাপ্তবয়স্ক তরুণীকে বিয়ে করতে গিয়ে শ্রীঘরে বর
ছবি: ডেইলি বাংলাদেশ

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় অপ্রাপ্তবয়স্ক তরুণীকে বিয়ে করতে গিয়ে সাব্বির হোসেন (২৪) নামে এক যুবককে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন তেঁতুলিয়ার ইউএনও ফজলে রাব্বি। এর আগে বুধবার রাতে উপজেলার সদর ইউনিয়নের দর্জীপাড়া গ্রামে ভ্রাম্যমাণ আদালত চালানো হয়।

এসময় ইউএনও ফজলে রাব্বির নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহবুবুল হাসান।

Advertisement

দণ্ডপ্রাপ্ত যুবক সাব্বির হোসেন উপজেলার শালবাহান ইউনিয়নের মাঝিপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, বুধবার রাতে দর্জীপাড়া গ্রামের জামাল উদ্দীনের অপ্রাপ্তবয়স্ক (১৭) মেয়ের সঙ্গে পারিবারিকভাবে জমকালো আয়োজনে বিয়ে হচ্ছিল পার্শ্ববর্তী শালবাহান ইউনিয়নের মজিবর রহমানের ছেলে সাব্বিরের সঙ্গে। বাল্যবিয়ের খবর পেয়ে তেঁতুলিয়া উপজেলা প্রশাসন থানা পুলিশ ও ইউপি চেয়ারম্যানকে নিয়ে অভিযান পরিচালনা করে।

ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে উপস্থিত হলে কনের বাবা ও পরিবারের অভিভাবকরা পালিয়ে যান। এসময় কনের বয়স কম হওয়ার প্রমাণ পাওয়ায় বর সাব্বিরকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

তেঁতুলিয়া মডেল থানার এসআই আনছারুজ্জামান বলেন, ঘটনার পর রাতেই দণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে তেঁতুলিয়া ইউএনও ফজলে রাব্বি বলেন, সরকারি আইন অনুযায়ী মেয়েদের ১৮ ও ছেলেদের ২১ বছরের নিচে বিয়ে দেওয়া দণ্ডনীয় অপরাধ। বাল্যবিয়ের খবর পেয়ে রাতে অভিযান পরিচালনা করা হয়। এসময় বাল্যবিয়ে আইনে বর সাব্বিরকে ৬ মাসের কারাদণ্ড দিয়ে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!