রোববার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে, নিহত ব্যক্তির নাম মাসুদ রানা (৪০)। তিনি গাজীপুরের শ্রীপুর উপজেলার তোহালাতপুর গ্রামের বাসিন্দা।
আহত একাধিক যাত্রী জানান, সন্ধ্যায় খাগড়াছড়ি থেকে যাত্রীবাহী বাসটি চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে খাগড়াছড়ির মাটিরাঙ্গা আলুটিলা এলাকায় গাড়ির নিয়ন্ত্রণ হারায় চালক। এ সময় বাসটি উল্টে গিয়ে দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। আহত হন ২৪-২৫ জন যাত্রী। পরে স্থানীয়রা সবাইকে উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠিয়েছেন।
.png)
খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. মুহাম্মদ ছাবের জানান, হাসপাতালে আনার আগেই একজনের মৃত্যু হয়েছে। বাকিরা হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।
মাটিরাঙ্গা থানার ওসি মো. জাকারিয়া জানান, দুর্ঘটনার পরপরই বাসচালক পালিয়ে গেছেন। যে ব্যক্তি মারা গেছেন তার পরিচয়ও এখনো আমরা নিশ্চিত হতে পারিনি। বিস্তারিত জানাতে আরো কিছুটা সময় লাগবে। পরিচয় নিশ্চিত হওয়ার পর বাকি আইনি প্রক্রিয়ার মাধ্যমে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।