ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

চাঁদপুরে প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল বৃদ্ধের

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪২, ১৪ অক্টোবর ২০২৩
চাঁদপুরে প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল বৃদ্ধের
ছবি: ডেইলি বাংলাদেশ

চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় দুদু গাজী (৭৩) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার সকালে ওই ইউপির ছোট সুন্দর গ্রামের গাজী বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত দুদু গাজী চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউপির ছোট সুন্দর গ্রামের গাজী বাড়ির মৃত সিরাজুল হকের ছেলে।

নিহতের ছোট ছেলে জাকির গাজী জানান, আমাদের নিজেদের সম্পত্তিতে অন্যায়ভাবে ঘর নির্মাণ করে বৈদ্যুতিক সংযোগ দিতে আসলে আমার বাবা বাধা প্রদান করেন। রওশন আলীর ওয়ারিশ হেলাল, রাসেল, ইকবাল, শাহজাহান, শরীফসহ কয়েকজন বাবাকে মারধর করেন। পরে বাবাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ষোষণা করেন।

স্ত্রী হোসনে আরা জানান, আমি প্রশাসনের কাছে আমার স্বামী হত্যার বিচার চাই।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের সহকারী সার্জন ডা. মো. মনসুর আহমেদ কায়সার জানান, হাসপাতালে বৃদ্ধকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছে।

ঘটনার খবর শুনে হাসপাতালে চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. শেখ মুহসীন আলম, ওসি (তদন্ত) মো. শামছুল আলম, এসআই লোকমান হোসেন, জাকির হোসেন ও এএসআই সঞ্জয় ছুটে আসেন। এসআই লোকমান হোসেন লাশের সুরতহাল করেন।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. শেখ মুহসীন আলম জানান, লাশটি সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিবার থেকে অভিযোগের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!