শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে তাদের আটক করা হয়। বিকেলে বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ওসি মো. মনোয়ার হোসেন চৌধুরী।
আটককৃতরা হলেন- মাদারীপুর সরকারি কলেজের রসায়ন বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী সাইফুল্লাহ মানসুর, পদার্থ বিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র মো. হামিম মোল্লা ও একই বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মাহফুজুর রহমান।
.png)
পুলিশ সূত্রে জানা যায়, মাদারীপুর জিনিয়াস ক্লাব নামক একটি সামাজিক সংগঠনের ব্যানারে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়ার উদ্দেশ্যে কার্যক্রম পরিচালনা করছিল কিছু সাধারণ শিক্ষার্থী। শনিবার ছুটির দিন কলেজ বন্ধ থাকায় ক্যাম্পাস চত্বরে কয়েকজন শিক্ষার্থীকে একাদশ শ্রেণির ছাত্রদের সঙ্গে কথা বলতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে মাদারীপুর সদর মডেল থানার এসআই কামাল হোসেনের নেতৃত্বে কয়েকজন পুলিশ এসে শিবিরকর্মী সন্দেহে তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়। আটককৃতরা মাদারীপুর সরকারি কলেজের ছাত্রাবাসে থেকে পড়াশোনা করেন।
সদর থানার এসআই কামাল হোসেন বলেন, ফোনে খবর পেয়ে আমরা মাদারীপুর সরকারি কলেজ চত্বর থেকে তিনজনকে আটক করি। জিনিয়াস ক্লাব নামক একটি সংগঠনের কার্যক্রম করছিলেন তারা।
এ ব্যাপারে মাদারীপুর সদর মডেল থানার ওসি মো. মনোয়ার হোসেন চৌধুরী জানান, শিবিরকর্মী সন্দেহে তাদের আটক করেছি। থানা হাজতে তাদের জিজ্ঞাসাবাদ চলছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।