ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

গোপালগঞ্জে বাবাকে হত্যাচেষ্টা মামলায় ছেলেসহ গ্রেফতার ৪

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪১, ৫ অক্টোবর ২০২৩
গোপালগঞ্জে বাবাকে হত্যাচেষ্টা মামলায় ছেলেসহ গ্রেফতার ৪
ছবি: ডেইলি বাংলাদেশ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বাবাকে হত্যাচেষ্টা মামলায় ছেলেসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

বুধবার রাত ৮টায় কোটালীপাড়া থানা পুলিশ পৌর মার্কেট এলাকা থেকে ছেলে উজ্জল দাসসহ ৪ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যবসায়ী উজ্জল দাস পৌরসভার ডহরপাড়া গ্রামের ব্যবসায়ী বিমল দাসের একমাত্র পুত্র। 

গ্রেফতারকৃত অন্যরা হলেন পশ্চিম কয়খা গ্রামের রিয়াজুল খন্দকারের ছেলে ফিরোজ খন্দকার, একই গ্রামের নিখিল দাসের ছেলে সুজন দাস ও সোহরাব হাওলাদারের ছেলে রমজান হাওলাদার।

জানা গেছে, গত ১৮ সেপ্টেম্বর রাতে উজ্জল দাস ভাড়াটে সন্ত্রাসী নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে তার বাবা ব্যবসায়ী বিমল দাসকে পরিকল্পিত ভাবে হত্যার চেষ্টা চালায়। এ ঘটনায় বিমল দাস গুরুতর আহত হয়। এরপর বিমল দাসের ভাই কালা চাঁদ দাসের অভিযোগে কোটালীপাড়া থানা পুলিশ ঘটনা তদন্তে মাঠে নামে। তদন্তের এক পর্যায়ে বিমল দাসকে হত্যা চেষ্টার মূল পরিকল্পনাকারী হিসেবে উজ্জল দাসের নাম জানতে পারে পুলিশ। পরবর্তীতে কোটালীপাড়া থানা পুলিশ উজ্জল দাস ও তার সহযোগীদের গ্রেফতারে মাঠে নামে।

বুধবার রাতে বিমল দাসকে দ্বিতীয় দফায় হত্যা চেষ্টার পরিকল্পনা করার সময় পৌর মার্কেট এলাকা থেকে উজ্জল দাসহ ৪জনকে কোটালীপাড়া থানা পুলিশ গ্রেফতার করে। 

মামলার বাদী কালা চাঁদ দাস বলেন, আমার ভাই বিমল দাস তার ব্যবসায়ীক প্রয়োজনে কিছু জায়গা বিক্রির উদ্যোগ গ্রহণ করেন। এই জমি বিক্রির কথা শুনে উজ্জল দাস তার বাবা বিমল দাসের ওপর ক্ষিপ্ত হয়ে ভাড়াটে সন্ত্রাসী নিয়ে হামলা চালায়। এ ঘটনায় বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি মামলা করেছি। পুলিশ উজ্জল দাসসহ ৪ জনকে গ্রেফতার করেছে। 

ব্যবসায়ী বিমল দাস বলেন, ১৮ সেপ্টেম্বর রাতে কিছু সন্ত্রাসী আমার ওপর হামলা করেছিল। এ ঘটনায় ৩ দিন খুলনা সিটি হাসপাতালে ভর্তি ছিলাম। তবে কারা আমার ওপর হামলা চালিয়েছিল তা আমার জানা নেই। এ ব্যাপারে আমার ভাই কালা চাঁদ দাস বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি মামলা দায়ের করেছে। পুলিশ তদন্ত করে কয়েকজন আসামিকে গ্রেফতার করেছে বলে আমি শুনেছি।

কোটালীপাড়া থানার এসআই মামুনুর রশীদ বলেন, ব্যবসায়ী বিমল দাস হত্যাচেষ্টার ঘটনায় তার ভাই কালা চাঁদ দাস বাদী হয়ে ১১ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছেন। এ মামলার প্রধান আসামী উজ্জল দাসসহ ৪ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। বাকীদের গ্রেফতারের চেষ্টা চলছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: গোপালগঞ্জ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!