শুক্রবার দুপুরে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বুড়িচং উপজেলার রামপুর পোস্ট অফিস এলাকার সড়কের পাশে একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করে দেবপুর ফাঁড়ি পুলিশ। নিহত সঞ্জীবচন্দ্র দেবনাথ বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের শাহদৌলতপুর গ্রামের অধর দেবনাথের ছেলে।
এর আগে, গত ২৫ সেপ্টেম্বর রাতে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন সনজিত চন্দ্র দেবনাথ।
.png)
নিহতের ছেলে অর্পণ দেবনাথ জানান, তার বাবা অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। গত ২৫ সেপ্টেম্বর রাতে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। ঐদিন রাতে আর বাড়ি ফেরেননি। রাতে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর সন্ধান না পেয়ে ২৬ সেপ্টেম্বর বুড়িচং থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়।
পুলিশ জানায়, শুক্রবার দুপুরে স্থানীয়রা রামপুর পোস্ট অফিস এলাকায় ইদ্রিস মিয়ার পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দেন। পরে দেবপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। পরে পরিবারের সদস্যরা নিহতের পরিচয় নিশ্চিত করেন।
বুড়িচং থানার ওসি খন্দকার আবুল হাসনাত জানান, প্রাথমিকভাবে নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ ঘটনায় বুড়িচং থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।