ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্যবসায়ী হত্যায় ৩ সহোদরসহ সাতজনের যাবজ্জীবন

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪৮, ১৯ সেপ্টেম্বর ২০২৩
ব্যবসায়ী হত্যায় ৩ সহোদরসহ সাতজনের যাবজ্জীবন
প্রতীকী ছবি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ব্যবসায়ী আক্তারুজ্জামান হত্যা মামলায় তিন সহোদরসহ সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার বিকেলে কিশোরগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র জেলা ও দায়রা জজ সায়েদুর রহমান খান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- পাকুন্দিয়া উপজেলার চরকাওনা উত্তরপাড়া গ্রামের আব্দুল গফুরের তিন ছেলে আসাদ মিয়া, আবুল কাশেম, ফালান মিয়া এবং একই গ্রামের আল আমিন, এনামুল হক, সুমন মিয়া ও মাসুদ। রায় ঘোষণার সময় আদালতে পাঁচ আসামি উপস্থিত ছিলেন। আল আমিন ও এনামুল হক পলাতক রয়েছেন।

Advertisement

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট আবু নাসের ফারুক সঞ্জু রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণ সূত্রে জানা যায়, ভুক্তভোগী আক্তারুজ্জামানের সঙ্গে আসামিদের জমি সংক্রান্ত বিরোধ চলছিল। ২০১৮ সালের ২৭ ডিসেম্বর সকালে বিরোধপূর্ণ জমিতে মাষকলাই সংগ্রহ করতে যান আক্তারুজ্জামান। এ সময় আসামিদের সঙ্গে বিবাদের শুরু হয়। এর জেরে ঐদিন রাতে চরকাওনা বাজার থেকে মোটরসাইকেলে ছোট ভাই ফজলুল হক স্বপনকে নিয়ে বাড়ি ফেরার পথে আক্তারুজ্জামানকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যান আসামিরা।

পরে গুরুতর আহত আক্তারুজ্জামানকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের স্ত্রী আশরাফুন্নাহার বাদী হয়ে সাতজনকে আসামি করে পাকুন্দিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। সিআইডির এসআই মোহাম্মদ নজরুল ইসলাম ২০১৯ সালে ৯ জুলাই সাতজনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন আদালতে। দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার আদালত এ রায় ঘোষণা করেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!