রোববার থেকেই মাদারগঞ্জ উপজেলার শ্যামগঞ্জ কালিবাড়ী বাজারের একটি বেওয়ারিশ পাগলা কুকুর হঠাৎ করেই বাজারে আগত লোকজনের ওপর আক্রমণ করে সোমবার পর্যন্ত অন্তত ২০ জনকে কামড়িয়েছে। এদের মধ্যে চর ভাটিয়ান জিপি স্কুলের প্রধান শিক্ষক কামাল হোসেন, শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রন্জু আহাম্মেদ, পথচারী আনিস, নুরনবী প্রমুখ রয়েছেন। তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরছেন।
সিধুলী ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান মিরন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
.png)
শ্যামগঞ্জ বাজারের স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘ দিন থেকে শ্যামগঞ্জ বাজারে বেওয়ারিশ কুকুরের সংখ্যা বৃদ্ধি পেলেও কুকুর নিধনের কোনো ব্যবস্থা নেই। প্রতি মাসেই স্থানীয় বাসিন্দারা কুকুরের কামড়ে আক্রান্ত হয়ে থাকেন।
ইউপি চেয়ারম্যান মাহবুবর রহমান মিরন বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা গ্রহণ করবেন বলেও আশ্বাস দেন।