ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শেরপুরে এক রাতে কবর থেকে ৪ কঙ্কাল উধাও

শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০০, ১৭ সেপ্টেম্বর ২০২৩
শেরপুরে এক রাতে কবর থেকে ৪ কঙ্কাল উধাও
ছবি: ডেইলি বাংলাদেশ

শেরপুরে কবর খুঁড়ে এক রাতে চারটি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। শনিবার দিনগত রাতে সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের মির্জাপুর গ্রামে এ ঘটনা ঘটে। আজ বিষয়টি নজরে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয়দের ধারণা, রাতের আঁধারে অজ্ঞাত কঙ্কাল চোর চক্র কবর খুঁড়ে এসব কঙ্কাল চুরি করে নিয়ে গেছে।

মির্জাপুর গ্রামের বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আমজাদ হোসেন বলেন, চুরি হওয়া চারটি কঙ্কালের মধ্যে একটি আমার মেয়ের নাতি, অপর তিনজন আমার ফুফাতো ভাই মৃত আব্দুল লতিফ এবং দুই চাচা সুলতান ও শহিদুর।

Advertisement

ঐ গ্রামের বাসিন্দা মৃত শহিদুরের ছেলে নুরুল আমিন বলেন, কবরস্থানটি ঝোপঝাড়ে পরিপূর্ণ হওয়ায় এটি পরিষ্কার করতে এসে দেখি আমার বাবার কবর থেকে কঙ্কাল চুরি হয়ে গেছে। এর পাশে আরো তিনটি কবর থেকে কঙ্কালগুলো চুরি হয়েছে।

স্থানীয় বাসিন্দা সবুজ বলেন, একজন মানুষ মরার পরেও তার সঙ্গে এমন আচরণ করা হলো। আমরা অভিযুক্তদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

স্থানীয় চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাসান খুররুম বলেন, বিষয়টি দুঃখজনক। আমি প্রশাসনকে বিষয়টি অবগত করে ব্যবস্থা নেয়ার অনুরোধ করবো। 

শেরপুর সদর থানার ওসি বছির আহমেদ বাদল বলেন, এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি। ঘটনাটি লোক মাধ্যমে জানতে পেরেছি। এ ঘটনার খোঁজখবর নিতে বিট অফিসারকে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: শেরপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!