সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে বন্দর কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসফাকুর রহমান পৌর শহরের ১ নম্বর লেবার জেটি সংলগ্ন এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়ে ওই অবৈধ মার্কেটটি ভেঙে দেন।
এ সময় অভিযুক্ত গয়না টিটু ভুয়া কাগজপত্র দেখাতে চাইলেও তা ধোপে টেকেনি। এর আগে তাকে এ জায়গা ছেড়ে দিতে বন্দর কর্তৃপক্ষ ৭ দিনের নোটিশও দেন তাকে। কিন্তু সেই নোটিশের পরোয়া না করে গয়না টিটু তার মার্কেট ঠেকাতে স্থানীয় প্রভাবশালী কিছু ব্যক্তিদের কাছে দৌঁড়ঝাপ শুরু করেন। শেষ রক্ষা না হওয়ায় ভেঙে ফেলতে হয়েছে তার অবৈধ মার্কেটটি।
.png)
মোংলা বন্দর কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসফাকুর রহমান বলেন, মোংলা নদীর পাড়ে বন্দর কর্তৃপক্ষের জায়গা রাতারাতি দখল করে এক শ্রেণির অসাধু ব্যক্তিরা বিভিন্ন স্থাপনা করেন। তারা পাকা ইমারত করে গড়ে তোলেন একাধিক মার্কেট, যা সম্পূর্ণ অবৈধ।
সম্প্রতি অবৈধ মার্কেট নির্মাণকারী গয়না টিটু নামের এক ব্যক্তিকে জায়গা ছেড়ে দিয়ে মার্কেট সরিয়ে নিতে নোটিশ করা হয়। কিন্তু তিনি তা করেননি। তাই নোটিশ অমান্য করায় এ উচ্ছেদ অভিযান চালানো হয়েছে বলে জানান তিনি।
গয়না টিটু জানান, মোংলা বন্দর কর্তৃপক্ষের কাছে জায়গা বরাদ্দের আবেদন করেই তিনি মার্কেট নির্মাণ করেছিলেন।
তবে বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) মো. শাহীনুর আলম বলেন, কাউকে ওই জায়গা বরাদ্দ দেয়া হয়নি। এটা অবৈধভাবে দখল করেছেন। তাই উচ্ছেদ করা হচ্ছে।