ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আদালত থেকে হাতকড়াসহ পালিয়ে যাওয়া রাজু গ্রেফতার

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪৩, ১০ সেপ্টেম্বর ২০২৩
আদালত থেকে হাতকড়াসহ পালিয়ে যাওয়া রাজু গ্রেফতার
ছবি: সংগৃহীত

হবিগঞ্জ আদালত প্রাঙ্গণ থেকে ‘হাতকড়া’সহ পালিয়ে যাওয়ার তিনদিন পর মাদক ব্যবসায়ী রাজু মিয়াকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ। 

রোববার ভোরে সিলেটের কোম্পানীগঞ্জে বাংলাদেশ-ভারত সীমান্ত থেকে তাকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। এর আগে শনিবার বিকেলে রাজুর বাড়িতে তল্লাশী চালিয়ে ‘হাতকড়াটি’ উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন মাধবপুর থানা সার্কেলের সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী।

গত বৃহস্পতিবার দুপুরে কোর্ট হাজত থেকে একদল পুলিশ তাকে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলামের আদালতে নিয়ে যান। এর আগে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমাণ্ড আবেদন করেন। হাজতখানা থেকে পুলিশ প্রহরায় আদালতে তোলার সময় কৌশলে হাতকড়াসহ পালিয়ে যায় রাজু। মুহূর্তের মধ্যেই আদালতপাড়ায় হৈ হুল্লুড় শুরু হয়। এরপর পুলিশ আসামি ধরতে আশপাশে তল্লাশী শুরু করে। 

Advertisement

গত ৩১ আগস্ট বৃহস্পতিবার ভোররাতে মাধবপুর থানার হরষপুর রেল স্টেশন বাজার এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজুকে গ্রেফতার করে র‌্যাব -৯। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ২৬৪ বোতল ফেনসিডিল। তিনি উপজেলার শিবরামপুর গ্রামের মো. চাঁন বাদশা মিয়ার পুত্র। রাজু একজন পেশাদার মাদক ব্যবসায়ী। 

এদিকে, আদালত প্রাঙ্গণ থেকে আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। কমিটি আজ তদন্ত প্রতিবেদন জমা দেয়ার কথা রয়েছে। এছাড়াও এ ঘটনায় কোর্ট পুলিশের দায়িত্বরত কনস্টেবল মো. আকবর হোসেন বাদী হয়ে দণ্ডবিধির ২২৪ ধারায় হবিগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: হবিগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!