ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মধ্যরাতে বিকট শব্দে ব্রিজ ভেঙে পানিতে ট্রাক

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১৩:১৩, ৯ সেপ্টেম্বর ২০২৩
মধ্যরাতে বিকট শব্দে ব্রিজ ভেঙে পানিতে ট্রাক
ছবি: ডেইলি বাংলাদেশ

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় বেইলি ব্রিজ ভেঙে বালুবাহী ট্রাক ডোবার পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। শুক্রবার মধ্যরাতে উপজেলার দুল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীরা জানান, বেইলি ব্রিজটি দীর্ঘদিন যাবত ঝুঁকিপূর্ণ ছিল। শুক্রবার রাতে টাঙ্গাইল থেকে দেলদুয়ারের দিকে যাচ্ছিল বালুবাহী ট্রাকটি। দক্ষিণপ্রান্তে পৌঁছালে ব্রিজটি ট্রাক নিয়ে ভেঙে পড়ে। এতে ব্রিজের দক্ষিণ অংশের রেলিং ভেঙে যায়। এ সময় বিকট শব্দে ট্রাকটি পানিতে পড়ে যায়। এতে টাঙ্গাইলের সঙ্গে সরাসরি সড়ক পথে যোগাযোগ বন্ধ রয়েছে। তবে এক থেকে পাঁচ কিলোমিটার ঘুরে টাঙ্গাইল-নাগরপুর সড়কের এলাসিন দিয়ে টাঙ্গাইল শহরের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

মামুন ও সোহেলসহ কয়েকজন ভুক্তভোগী বলেন, এই নিয়ে ব্রিজটি চারবার ভেঙে পরলো। এর আগে কাঠের সেতু থাকা অবস্থায় আরো দুইবার ভে‌ঙে প‌ড়ে‌ছিল। বেইলি ব্রিজ হওয়ার পর দুইবার ভাঙলো। এরআগে ২০১৭ সালের ১৭ জুলাই সারবাহী একটি ট্রাক নিয়ে ব্রিজটি ভেঙে পড়েছিল। 

Advertisement

দেলদুয়ার থানার ওসি নাসির উদ্দিন মৃধা বলেন, রাতেই ভেতর থেকে চারজন উদ্ধার হয়েছে। এরমধ্যে একজন আহত হয়েছেন।

দেলদুয়ার উপজেলার নির্বাহী কর্মকর্তা ফারহানা আলী বলেন, রাতে ভেঙে যাওয়ার পর তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলের দুই পাশে লাল পতাকা টাঙানো হয়েছে। এছাড়াও দুর্ঘটনারোধে রাত থেকে গ্রাম পুলিশকে ডিউটিতে রাখা হয়েছে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। 

টাঙ্গাইল সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আলিউল হোসেন জানান, ব্রিজটি খুলে আগামী ৭২ ঘণ্টার মধ্যে ব্রিজ পুনঃস্থাপনের মাধ্যমে সরাসরি যোগাযোগের ব্যবস্থা করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!