ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাজশাহীতে ডেঙ্গুর চোখ রাঙানি

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩০, ৭ সেপ্টেম্বর ২০২৩
রাজশাহীতে ডেঙ্গুর চোখ রাঙানি
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজশাহীতে ডেঙ্গুর চোখ রাঙানি থামছেই না। ডেঙ্গু নতুন নতুন রেকর্ড গড়ছে। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে একদিনে রেকর্ড সংখ্যক ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। ২৪ ঘণ্টায় মারা গেছেন দুই জন।  যা নিয়ে উদ্বিগ্ন চিকিৎসা ব্যবস্থাপনা সংশ্লিষ্টরা।

রামেক হাসপাতালের তথ্য বলছে, বুধবার সকাল ৯টা থেকে বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এই হাসপাতালে ১০৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়ে চিকিৎসাধীন ছিলেন। যা এই প্রথম। আর গত দেড় সপ্তাহের ব্যবধানে আক্রান্ত রোগীর সংখ্যা ডাবল হয়ে দাঁড়িয়েছে। এছাড়া এসময়ের মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ৭ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হলো।

রামেকের ডেঙ্গু রিপোর্টের সর্বশেষ তথ্য বলছে, বুধবার সকালে ডেঙ্গু ওয়ার্ডে মো. হাসান (২৭) নামের এক রোগী মারা গেছেন। তার বাড়ি রাজশাহীর পুঠিয়া উপজেলায়। হাসপাতালে ভর্তির পরপরই তাকে আইসিইউতে নেয়া হয়েছিলো। আইসিইউতে নেয়ার ঘণ্টা খানেক পরই তিনি মারা যান। একই দিন তিনি ঢাকা থেকে এসেছিলেন। ওই দিন সন্ধ্যায় ওয়াজেদ মিয়া (৫৩) নামের আরেক রোগী মারা যান। তার বাড়ি নেত্রকোণায়। ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ৩ সেপ্টেম্বর তিনি এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

Advertisement

ডেঙ্গু ওয়ার্ডের চিকিৎসকরা বলছেন, সাধারণ সর্দি-জ্বরের মতো লক্ষণ নিয়ে ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছেন। যারা খুবই নাজুক হয়ে যাওয়ার পর হাসপাতালে আসছেন, তাদের বাঁচানো সম্ভব হচ্ছে না। এমন বাস্তবতায় জ্বর-সর্দি-কাশিকে অবহেলা না করে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেয়ার আহবান জানাচ্ছেন তারা।

এ বিষয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এফ এম শামীম আহাম্মদ বলেন, চলতি মৌসুমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এ পর্যন্ত ১ হাজার ১২৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন ও নিয়েছেন। এর মধ্যে ৫৯৪ জন স্থানীয়ভাবে আক্রান্ত। যেটা শঙ্কার। আর হাসপাতাল থেকে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ১ হাজার ১৩ জন সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন। এই ওয়ার্ডে সুস্থ হয়ে বাড়ি ফেরা রোগীর রেশিও অনেক বেশি। কিন্তু প্রতিদিন যেভাবে ডেঙ্গু বাড়ছে, বিশেষ করে এখন দৈনিক ভর্তি ১০৬  জনে গিয়ে ঠেকেছে এই চিত্র আগামী দিনগুলো কেমন হবে তা নিয়ে উদ্বেগজনক।

এদিকে, ডেঙ্গু পরিস্থিতি বিবেচনায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে মাত্র ৬০ টাকায় রোগীদের ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে। তবে রাজশাহীর বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে এই পরিক্ষার ফি নেয়া হচ্ছে ৩০০ থেকে ৫০০ টাকা। আর রাজশাহী সিটি করপোরশনের উদ্যোগে নগরের ১১টি স্থানে বিনা মূল্যে ডেঙ্গু পরীক্ষা করা হচ্ছে। সিটি হাসপাতাল ও ১০টি নগর স্বাস্থ্য কেন্দ্রে বিনা মূল্যে ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। 
 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!