বুধবার দুপুরে হামলার ঘটনায় ফেনী মডেল থানায় চার কিশোরের নাম উল্লেখ করে অজ্ঞাত ৭-৮ জনকে আসামি করে মামলা করেছেন ভুক্তভোগী প্রবাসীর মা ফাতেমা আক্তার। এর আগে, মঙ্গলবার রাতে ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের ভোর বাজার লতিফ ভূঁইয়া স্টোরের সামনে এ ঘটনা ঘটে।
জানা যায়, দীর্ঘদিন যাবত মোটবী স্কুল রোডের লতিফ ভূঁইয়া স্টোরের সামনে দাঁড়িয়ে স্কুল শিক্ষার্থীদের যৌন হয়রানি করে আসছিল কয়েকজন বখাটে কিশোর। মঙ্গলবার সকালে ওই কিশোরদের রাস্তায় আড্ডা না দেওয়ার উপদেশ দেয় প্রবাস ফেরত এমরান হোসেন। এতে ক্ষিপ্ত হয় বখাটেরা। ওইদিন রাতে ভূঁইয়া স্টোরের সামনে প্রবাসী এমরানকে একা পেয়ে কিশোর গ্যাংয়ের সদস্য আবদুল্লাহ আল নোমান, আরমান, মামুন, রানাসহ অজ্ঞাত কয়েকজন তার ওপর হামলা করে। এতে গুরুতর আহত হন এমরান। এ সময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলেএমরানের পকেটে থাকা ৪৫ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় হামলাকারীরা।
প্রবাসী এমরানের মাতা ফাতেমা বেগম বলেন, আমার ছেলে স্কুলের ছাত্রীদের পক্ষ হয়ে রাস্তায় দাঁড়িয়ে আড্ডা না দেওয়ার জন্য বখাটেদের উপদেশ দিয়েছে। এতেই ক্ষিপ্ত হয়ে আমার ছেলের ওপর হামলা করেছে তারা। এ ঘটনায় আমি থানায় মামলা করেছি।
.png)
স্থানীয় মোটবী ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ এলএলবি জানান, প্রবাসীর ওপর হামলার ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনা হবে।
ফেনী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহফুজুর রহমান বলেন, মোটবীতে প্রবাসীকে মারধরের ঘটনায় ৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৭-৮ জনকে আসামি করে মামলা করা হয়েছে।