ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুমিল্লায় নিখোঁজের ২ দিন পর মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার 

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৮, ৬ সেপ্টেম্বর ২০২৩
কুমিল্লায় নিখোঁজের ২ দিন পর মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার 
মো. ইব্রাহিম খলিল। ফাইল ফটো

কুমিল্লা বরুড়ায় নিখোঁজ হওয়ার দুই দিন পর মো. ইব্রাহিম খলিল (৮) নামে এক মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মো. ইব্রাহীম খলিল বরুড়া পৌর শহরের পাঠানপাড়া নামক গ্রামের প্রবাসী মো. মাসুদ রানার ছেলে এবং একই এলাকার নুরুল কোরআন মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র।

জানা গেছে, মো. ইব্রাহিম খলিল গত সোমবার দুপুর ১২টার দিকে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়। এরপর পরিবারের লোকজন এবং আত্মীয় স্বজনেরা এলাকার বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর না পেয়ে তার সন্ধান পেতে এলাকায় মাইকিং করা হয়। পরবর্তীতে সন্ধান না পেয়ে নিহতের মা জেসমিন আক্তার গত মঙ্গলবার বরুড়া থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার ভবানীপুর ইউপির এগারগ্রাম বেতুয়াবাড়ী এলাকার পরিত্যক্ত একটি বাড়ির আঙ্গিনায় মাটিতে পুঁতে রাখা অবস্থায় একটি শিশুর হাত দেখতে পেয়ে স্থানীয় কৃষকেরা থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ দিকে খবর পেয়ে জেসমিন আক্তার উদ্ধারকৃত লাশটি দেখে তিনি তার নিখোঁজ হওয়া ছেলে ইব্রাহিম খলিলের বলে শনাক্ত করেন। 

বরুড়া থানার ওসি মো. ফিরোজ হোসেন জানান, উদ্ধারকৃত লাশটি নিখোঁজ হওয়া মাদরাসা ছাত্র ইব্রাহিম খলিলের। তাকে পারিবারিক কলহের জের ধরে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে বরুড়া থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

Advertisement

জানা গেছে, পুলিশ এরইমধ্যে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পেরেছে। তবে এখনি তদন্তের স্বার্থে পুলিশ তা প্রকাশ করছে না।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কুমিল্লা
লিংক সফলভাবে কপি হয়েছে!