ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নোয়াখালীতে চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৫১, ৬ সেপ্টেম্বর ২০২৩
নোয়াখালীতে চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু
ফাইল ফটো

নোয়াখালীর কোম্পানীগঞ্জে চোর সন্দেহে গণপিটুনিতে মোশারফ হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার ভোরে উপজেলার রামপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ভূঁইয়া বাড়িতে এ ঘটনা ঘটে।  

নিহত মোশারফ হোসেন সদর উপজেলার ধর্মপুর গ্রামের মৃত মোহাম্মদ মোস্তফার ছেলে। তার বিরুদ্ধে নোয়াখালী-ফেনীসহ বিভিন্ন থানায় ১০টি মামলা রয়েছে।  

স্থানীয় ইউপি সদস্য মো. ইদ্রিস জানান, ভোরে উপজেলার রামপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মালয়েশিয়া প্রবাসী সাইফুদ্দিনের ঘরে সিঁধ কেটে ঢুকে একদল চোর। ওই সময় প্রবাসীর পরিবারের সদস্যরা ঘরে ছিলেন না। তারা আগের দিন প্রবাসীর বোনের বাড়িতে সেনবাগ বেড়াতে যান। বিষয়টি টের পান একই বাড়ির জুনায়েদ। পরে বিষয়টি প্রবাসী সাইফুদ্দিনের বড় ভাই বাহার উদ্দিন মিজানকে ফোন করে জানান জুনায়েদ। 

Advertisement

খবর পেয়ে মিজান তার ভাইয়ের ঘরে ছুটে যান। সেখানে অস্ত্রধারী চোরের দল মিজানকে কুপিয়ে জখম করে। মিজানের চিৎকারে জুনায়েদ এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করা হয়। ওই সময় অন্য চোররা নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে গেলেও আটকা পড়েন মোশারফ। এরপর স্থানীয়রা এসে মোশারফকে বেঁধে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলে মারা যান তিনি। খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ।

কোম্পানীগঞ্জ থানার ওসি প্রণব চৌধুরী বলেন, চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক চোর মারা গেছেন। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!