মঙ্গলবার সকালে এ ঘটনায় গজারিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী। এর আগে, গত ২৬ আগস্ট গজারিয়া উপজেলার বাউশিয়া মধ্যমকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
নির্যাতনের শিকার ঐ শাশুড়ির নাম রহিমা খাতুন (৭১)। তিনি গজারিয়া উপজেলার বাউশিয়া মধ্যমকান্দি গ্রামের নুরুল ইসলামের স্ত্রী।
.png)
ভুক্তভোগী শাশুড়ি জানান, তার তিন ছেলে। তারা সবাই প্রবাসী। বড় ছেলে কাউসারের পরিবার অন্যত্র ভাড়া থাকে। মেজো ও ছোট ছেলের বউ তার বাড়িতে বসবাস করছেন। ছেলেরা দেশের বাইরে থাকায় দুই ছেলের বউ রুমা আক্তার সামিয়া এবং রত্না আক্তার ইয়াবা বিক্রিসহ নানা অবৈধ-অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। স্থানীয় জুয়াড়িদের কাছে জুয়া খেলার জন্য রুম ভাড়া দিতেন তারা। এসব বিষয় ভালো না লাগায় প্রতিবাদ করেন ভুক্তভোগী। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে গত ২৬ আগস্ট রাতে তার শোবার ঘর থেকে সবকিছু নিয়ে তাকে ফ্লোরে ঘুমাতে বলেন দুই ছেলের বউ।
এ ঘটনার পরের দিন সকালে বিষয়টি ভুক্তভোগী শাশুড়ি আশপাশের লোকজনকে জানান। এর ফলে ছেলের বউরা ক্ষিপ্ত হয়ে প্রথমে তাকে মারধর এবং পরবর্তীতে গায়ের উপর তরকারির গরম ঝোল ঢেলে দেন। এতে তার গায়ের বিভিন্ন অংশ পুড়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
থানায় অভিযোগ দায়ের সময় ভুক্তভোগীর সঙ্গে আসা স্থানীয় এক বাসিন্দা জানান, ঐ বৃদ্ধার ছেলেরা সবাই বিদেশ থাকেন। তার এক মেয়ে তাকে হাসপাতালে ভর্তি করান। সেখানে পাঁচদিন চিকিৎসার পর তিনি হাসপাতাল থেকে বাড়িতে ফেরেন। তবে শারীরিরের বিভিন্ন অংশে পুড়ে যাওয়ায় তিনি জামা কাপড় পরতে পারতেন না। এখন অবস্থা কিছুটা ভালোর দিকে। স্থানীয়দের পরামর্শে মঙ্গলবার সকালে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
গজারিয়া থানার ওসি মোল্লা সোহেব আলী জানান, ভুক্তভোগী বৃদ্ধা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।