ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাঁদপুরে মুখোশ পরে স্বর্ণের দোকানে চুরি

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:২৭, ৪ সেপ্টেম্বর ২০২৩
চাঁদপুরে মুখোশ পরে স্বর্ণের দোকানে চুরি
ছবি: সংগৃহীত

চাঁদপুর শহরের আব্দুল করিম পাটওয়ারী সড়কে মুখোশ পরে নিউ স্বর্ণ ভুবন নামে একটি দোকানে স্বর্ণ চুরি করেছে একটি সংঘবদ্ধ চোর চক্র। দোকান মালিকের দাবি চোর চক্র তার প্রায় ৫০ ভরি স্বর্ণ নিয়ে গেছে। তবে পুলিশ বলছে চুরি যাওয়া স্বর্ণ ২৫-৩০ ভরি হতে পারে।

সোমবার (৪ সেপ্টেম্বর) ভোরে এ চুরির ঘটনা ঘটে বলে ওই দোকানে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে জানা গেছে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে মার্কেট খোলার সময় মার্কেটের মেহজাবিন স্টোরের মালিক বাদল প্রথমে মাকের্টের প্রধান ফটকের তালা কাটা দেখতে পান। বাদল তাৎক্ষণিক আশপাশের লোকজন ও নিউ স্বর্ণ ভুবনের মালিক মানিক মজুমদারকে জানান।

Advertisement

মানিক মজুমদার বলেন, বাদল আমাকে জানানোর পর প্রধান ফটকের তালা কাটা দেখলেও আমার দোকানের তালা কাটা তা খেয়াল করিনি। কিছুক্ষণ পরে কর্মচারী রিপন সাহা দোকান খুলতে গিয়ে দেখেন দোকানের দুটি তালা কাটা এবং সবকিছু এলোমেলো। চোর চক্র প্রায় ৫০ ভরি স্বর্ণ নিয়ে গেছে। যার আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা। বিষয়টি তাৎক্ষণিক চাঁদপুর সদর মডেল থানা পুলিশকে জানিয়েছি।

এদিকে চুরির ঘটনা জেনে কিছু সময় পর চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. শেখ মুহসীন আলম ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। এর কিছু সময় পর ঘটনাস্থরে আসেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়।

অপরদিকে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখা যায়, অত্যন্ত কৌশলে ৮ থেকে ১০ জন চোর চক্রের সদস্য কেউ রাস্তার দুপাশে দাঁড়িয়ে পর্যবেক্ষণ করছে লোকজন আসছে কিনা। আবার কেউ মার্কেটের সামনে বসে রয়েছেন। তবে সকলে মুখোশ পড়া ছিলো। তারা মার্কেটের মুল ভবনের তালা কাটার সময় কাপড় দিয়ে কৌশলে আড়াল করে ভবনের মুল গেটের তালা কাটে। যা অনেকটা সিনেমার শুটিংয়ের মতো।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. শেখ মুহসীন আলম বলেন, বিষয়টি আমরা পর্যবেক্ষণ করছি এ মুহূর্তে কোনো কথা বলা যাবে না।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায় বলেন, ঘটনাটি জানতে পেরে ওই দোকানে গিয়েছি। বেশ কিছু সময় ওখানে ছিলাম। মালিকসহ লোকজনের সঙ্গে কথা বলেছি। ২৫-৩০ ভরি স্বর্ণ চুরি হয়েছে। বিষয়টি আমরা গুরুত্ব সহকারে তদন্ত করছি। আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে চুরির রহস্য উদঘাটন হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!