ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কোচিং সেন্টারে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ১

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫৮, ১ সেপ্টেম্বর ২০২৩
কোচিং সেন্টারে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ১
প্রতীকী ছবি

পাবনার ঈশ্বরদীতে কোচিং সেন্টারে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলায় কোচিং সেন্টারের মালিককে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকালে ধর্ষণ মামলায় আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার ওসি অরবিন্দ সরকার।

গ্রেফতার নাহিয়ান ইসলাম নাহিদ ঈশ্বরদী পৌর শহরের পূর্বটেংরী ঈদগাহ রোড এলাকার বাসিন্দা ও শহরের শেরশাহ রোডের একটি কোচিং সেন্টারের মালিক।

জানা যায়, গত মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেলে পূর্বপরিচয়ের সূত্র ধরে ঐ গৃহবধূর ছেলেকে প্রাইভেট শিক্ষক ঠিক করে দেওয়ার কথা বলে নাহিদ তার কোচিং সেন্টারে ডেকে নেন। পরে সেখানে তিনজন মিলে সংঘবদ্ধ ধর্ষণ করা হয় ঐ নারীকে।

Advertisement

ঘটনার দুইদিন পর বৃহস্পতিবার (৩১ আগস্ট) গভীর রাতে ভুক্তভোগী ঐ নারী, তার স্বামীসহ পরিবারের লোকজনকে সঙ্গে করে ঈশ্বরদী থানায় ধর্ষণ মামলা করেন।

মামলা সূত্রে জানা যায়, পৌর শহরের মশুড়িয়াপাড়ার জনৈক ব্যক্তির সঙ্গে ভুক্তভোগীর ছয় বছর আগে বিয়ে হয়। তাদের একটি ছেলে সন্তান রয়েছে।

ভুক্তভোগী তার ছেলেকে পড়ানোর জন্য পূর্বপরিচিত নাহিয়ান ইসলাম নাহিদকে শিক্ষক খুঁজে দেওয়ার জন্য অনুরোধ করেন। ২৯ আগস্ট বিকেলে নাহিদ ফোনে ছেলেকে পড়ানোর বিষয়ে আলোচনা করার কথা বলে ঐ গৃহবধূকে তার কোচিং সেন্টারে বিকেলে ডেকে নেন। পরে গৃহবধূ কোচিং সেন্টারে যান এবং কক্ষে প্রবেশের পর দরজা বন্ধ করে নাহিদসহ তার দুই সহযোগী সংঘবদ্ধ ধর্ষণ করেন। এরপর তাকে কক্ষ থেকে বের করে দেওয়া হয়। বাড়ি ফিরে ভুক্তভোগী তার মা ও স্বামীকে ঘটনাটি জানান।

ঈশ্বরদী থানার ওসি অরবিন্দ সরকার জানান, বৃহস্পতিবার রাতে ভিকটিম তার মা ও স্বামীকে সঙ্গে নিয়ে থানায় এসে ধর্ষণের মামলা করেন। রাতেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় আরো দু’জনকে গ্রেফতারের চেষ্টা চলছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: পাবনা
লিংক সফলভাবে কপি হয়েছে!