ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গরু চুরির জন্যই রাখাল বাবুলকে হত্যা, গ্রেফতার ৬

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২২:২২, ২৫ আগস্ট ২০২৩
গরু চুরির জন্যই রাখাল বাবুলকে হত্যা, গ্রেফতার ৬
ছবি: ডেইলি বাংলাদেশ

হবিগঞ্জের মাধবপুরে গরু চুরি করার জন্যই রাখাল বাবুল মিয়াকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন হবিগঞ্জের পুলিশ সুপার এসএম মুরাদ আলি।

শুক্রবার বিকেল ৪টায় হবিগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। নিহত রাখাল বাবুল মিয়া মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ইটাখোলা গ্রামের ছায়ের আলী সরদারের ছেলে। রাখাল বাবুল মিয়া হত্যার ঘটনায় এরইমধ্যে ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

পুলিশ সুপার জানান, গত ১৫ জুলাই সকালে বাবুল মিয়া তাদের সাতটি গরু বাড়ির পাশে রঘুনন্দন পাহাড়ে ঘাস খাওয়ানোর নিয়ে যান। একইদিন সন্ধ্যায় গরু বাড়ি ফিরলেও বাবুল মিয়া বাড়ি ফেরেননি। পরে পরিবারের লোকজন সম্ভাব্য সব স্থানে খুঁজেও তার সন্ধান পাননি। ১৮ জুলাই জগদীশপুর বিটের রঘুনন্দন পাহাড়ে বদনারমোড়া নামক স্থানে জঙ্গলের মধ্যে বাবুল মিয়ার হাত-পা বাঁধা অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।

Advertisement

তিনি আরো জানান, লাশ উদ্ধারের পর থেকেই বিষয়টির ক্লু উদঘাটনে মাঠে নামে পুলিশ। একপর্যায়ে চুনারুঘাট উপজেলার কালিনগর গ্রামের বাসিন্দা লাল মিয়াকে গ্রেফতার করা হয়। পরে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে তিনি হত্যাকাণ্ডে জড়িত অন্যদের নাম প্রকাশ করেন। এরই পরিপ্রেক্ষিতে শুক্রবার ভোরে পুলিশ অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত বশির মিয়া, আব্দুল কাইয়ুম, আব্দুল জাব্বার, জিলু মিয়া ও সবুজ মিয়াকে গ্রেফতার করা হয়। তারা চুনারুঘাট উপজেলার বাসিন্দা। শুক্রবার বিকেলে গ্রেফতারকৃত পাঁচ আসামিকে আদালতে পাঠানো হয়।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!