মঙ্গলবার বিকেল ৫টার দিকে জীবননগর পাতিলা ঈদগাহ এলাকা থেকে সোনার বারগুলো উদ্ধার করে বিজিবি।
মহেশপুর-৫৮ বিজিবির পরিচালক মাসুদ পারভেজ রানা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সোনা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
.png)
তিনি জানান, জীবননগর পৌর এলাকার পাতিলা সীমান্ত দিয়ে একটা সোনার চালান পাচার করা হবে। এমন খবর পেয়ে ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল পাতিলা ঈদগাহ মাঠ এলাকায় অবস্থান করে। বিকেল ৫টার দিকে এক ব্যক্তি মোটরসাইকেলে পাতিলা ঈদগাহ অতিক্রম করে সীমান্তের দিকে যাচ্ছিলেন। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় বিজিবি টহল দল মোটরসাইকেলে তার পিছু ধাওয়া করে। মোটরসাইকেলে বসে থাকা ব্যক্তি কোমরে থাকা কাপড়ের তৈরি সাদা বেল্ট রেখে মোটরসাইকেল নিয়ে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবির টহল দল বেল্টের মধ্য থেকে ৫ কেজি ৪৭৮ গ্রাম ওজনের ১৭টি সোনার বার উদ্ধার করেন। উদ্ধার করা এসব সোনার বারের মূল্য প্রায় ৪ কোটি ৭৪ লাখ ৯০ হাজার টাকা।
তিনি আরো জানান, অজ্ঞাত ব্যক্তিকে পলাতক আসামি করে জীবননগর থানায় মামলা দায়ের এবং সোনার বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।