ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চট্টগ্রামে বাসচাপায় যুবক নিহত

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪৬, ১৬ আগস্ট ২০২৩
চট্টগ্রামে বাসচাপায় যুবক নিহত
ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রাম নগরের কালামিয়া বাজার এলাকায় বাসচাপায় জিহাদুল ইসলাম (২৮) নামে একজন নিহত হয়েছেন। এ ছাড়া এক নারীসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। 

বুধবার সকাল সাড়ে ৮টার দিকে নগরের কালামিয়া বাজার এলাকায় বাকলিয়া একসেস রোডের মুখে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, বাসটি শাহ আমানত সেতু এলাকা থেকে নগরের দিকে আসছিল। বাকলিয়া একসেস রোডের সামনে এলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় সড়কের পাশে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের ওপরে উঠে যায় বাসটি। এ ঘটনায় চারজনকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
 
বেলা আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় জিহাদুল ইসলামের (২৮) মৃত্যু হয়। তিনি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কেশুয়া গ্রামের জাহিদুল ইসলামের ছেলে। এ ঘটনায় আহত ব্যক্তিরা হলেন সিএনজিচালিত অটোরিকশার চালক মোহাম্মদ রাজীব (১৮), নুরুল ইসলাম (৩৫) এবং জান্নাতুল মাওয়া (৪০)। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement

আহত মোহাম্মদ রাজীবের বাবা মোহাম্মদ মফিজ বলেন, রাজীবের মাথার পেছনে আর ডান হাতে বেশি আঘাত লেগেছে। বর্তমানে তার চিকিৎসা চলছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম বলেন, বেলা দুইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় জিহাদুল ইসলাম মারা যান।

বাকলিয়া থানার ওসি মোহাম্মদ আবদুর রহিম বলেন, ঘটনাস্থল থেকে বাসটি উদ্ধার করা হয়েছে। পুলিশ আসার আগেই বাসচালক পালিয়ে যান। তাকে আটকের চেষ্টা চলছে।
 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!