ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ট্রেনে ছিনতাই-হামলা: আরো চারজন গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৩:০৩, ১৫ আগস্ট ২০২৩
ট্রেনে ছিনতাই-হামলা: আরো চারজন গ্রেফতার
ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গী রেলস্টেশন এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কর্ণফুলী কমিউটার ট্রেনে ছিনতাই ও পাথর নিক্ষেপের ঘটনায় আরো চারজনকে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ।

মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে পুলিশের ঢাকা জেলার এসপি আনোয়ার হোসেন। গাজীপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, রুবেল, রবিন, মাসুদ ও সাগর। এ সময় তাদের কাছ থেকে লুট হওয়া একটি মোবাইল উদ্ধার করা হয়।

Advertisement

এসপি আনোয়ার হোসেন বলেন, গত ১০ আগস্ট রাত ১০টার দিকে টঙ্গী স্টেশনের আউটারে ঢাকামুখী কর্ণফুলী ট্রেনে ডাকাতির ঘটনায় সোমবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গাজীপুরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আরো চারজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার চারজনের মধ্যে সাগর ছাড়া বাকি তিনজন ঘটনায় জড়িত থাকার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

রেলওয়ের ঢাকা জেলার পুলিশ সুপার জানান, রুবেল, রবিন ও মাসুদের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, মাদকসহ একাধিক মামলা রয়েছে। তারা টঙ্গী এলাকায় দুর্ধর্ষ ছিনতাইকারী হিসেবে পরিচিত। এ ঘটনায় জড়িত ডাকাত দলের অন্য সদস্যদের গ্রেফতারের বিশেষ অভিযান চলমান রয়েছে বলে জানান রেলওয়ে পুলিশের ঐ কর্মকর্তা।

উল্লেখ্য, এ ঘটনায় এখন পর্যন্ত রেলওয়ে পুলিশ একাধিক অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেফতার করেছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!