পাঁচদিন বন্ধ থাকার পর অবশেষে বান্দরবান সদরের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়েছে। তবে রুমা ও থানচি উপজেলার বিভিন্ন জায়গার সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় জেলা সদরের সঙ্গে সড়ক যোগাযোগ এখনো বন্ধ রয়েছে।
শুক্রবার সকাল থেকে বান্দরবান সদরের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়।
.png)
বান্দরবান জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ঝুন্টু দাশ জানান, টানা বৃষ্টিতে বান্দরবান কেরানীহাট সড়ক পুরোপুরি ডুবে গিয়েছিল। সেই কারণে সারাদেশের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ ছিল।
এদিকে প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, বান্দরবানের নিম্নাঞ্চল থেকে পানি নেমে যাওয়ায় ১৯১টি আশ্রয়কেন্দ্র থেকে নিজ বাড়িতে ফিরছেন বন্যা ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্তরা। ত্রাণ সহায়তা দিচ্ছে জেলা ও উপজেলা প্রশাসন। জেলা সদরে বিশুদ্ধ পানি সরবরাহ করছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর।
বান্দরবানের জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন জানান, আশ্রয় কেন্দ্রে অবস্থানরতদের রান্নাকরা খাবারসহ শুকনা খাবার বিতরণ করা হচ্ছে। পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও খাবার পানিও বিতরণ করা হচ্ছে। এ ছাড়াও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর কর্তৃক বিশুদ্ধ পানি সরবরাহ করা হচ্ছে।