ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চট্টগ্রামে রেকর্ড বৃষ্টিপাত

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২২:০০, ৭ আগস্ট ২০২৩
চট্টগ্রামে রেকর্ড বৃষ্টিপাত
ছবি: ডেইলি বাংলাদেশ

কয়েকদিন ধরে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে চট্টগ্রামে। শ্রাবণের শেষ সময়ের এ অঝোর ধারা চট্টগ্রামের ৩০ বছরের বৃষ্টিপাতের রেকর্ড ভেঙেছে- বলছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৩২২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রামে। সোমবার সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় এ বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এছাড়া সোমবার সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত রেকর্ড করা হয়েছে ২৮ মিলিমিটার।

চলতি আগস্ট মাসে স্বাভাবিক বৃষ্টিপাত হওয়ার কথা ৫৩০ দশমিক ছয় মিলিমিটার। কিন্তু গত ছয়দিনে রেকর্ড হয় ৫৪৭ মিলিমিটার। সে হিসেবে পুরো মাসের বৃষ্টিপাতেও হয়েছে রেকর্ড। 

Advertisement

এদিকে, টানা বৃষ্টিপাতের ফলে নগরের বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। পানিবন্দি হয়ে ঘরে আটকে রয়েছেন অসংখ্য মানুষ। যদিও সোমবার সকাল থেকে বৃষ্টিপাত কিছুটা কমে আসায় কয়েকটি এলাকায় কমে গেছে জলাবদ্ধতা। তবে সমুদ্র বন্দরগুলোকে দেওয়া তিন নম্বর সতর্কতা সংকেত বহাল রাখা হয়েছে। আরো দুইদিন ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। 

পতেঙ্গা আবহাওয়া অফিসের আবহাওয়া পূর্বাভাস কর্মকর্তা বিশ্বজিৎ চৌধুরী বলেন, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ২৪ ঘণ্টাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এর প্রভাবে পাহাড় ধ্বসেরও সম্ভাবনা রয়েছে। তবে বুধবার থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হবে। এরপর ধীরে ধীরে বৃষ্টিপাতও কমে আসবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!