ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শিশুকে পানিতে ফেলে হত্যায় নারীর আমৃত্যু কারাদণ্ড

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৭, ২ আগস্ট ২০২৩
শিশুকে পানিতে ফেলে হত্যায় নারীর আমৃত্যু কারাদণ্ড
প্রতীকী ছবি

গাজীপুরে ১৩ মাস বয়সী শিশুকে পানিতে ফেলে হত্যার দায়ে ফাতেমা খাতুন (৩৬) নামে এক নারীকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার দুপুর ৩টার দিকে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. আব্দুর রহমান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত ফাতেমা খাতুন কাপাসিয়া উপজেলার বড়চালা গ্রামের মনির উদ্দিনের মেয়ে। নিহত ঐ শিশুর নাম মিথিলা ময়েজ। সে একই এলাকার দুবাই প্রবাসী ময়েজ উদ্দিনের মেয়ে। মামলার রায় ঘোষণার সময় একমাত্র আসামি ফাতেমা খাতুন পলাতক ছিলেন।

গাজীপুর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০০৭ সালে ১৬ জুলাই মিথিলা ময়েজের মা মোসা. নেলী বেগম মিথিলা তাকে ভাগনি শান্তার কাছে রেখে কেনাকাটা করার জন্য রাণীগঞ্জ বাজারে যান। বিকেলে তার চাচাতো ননদ ফাতেমা খাতুন তার ভাগনি ফারজানাকে নিয়ে নেলী বেগমের বাড়িতে এসে শান্তা ও মিথিলা ময়েজকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে কাপাসিয়া বাজারে যান। সেখান থেকে বাড়ি ফেরার পথে রাওনাট গ্রামে সরকার বাড়ি পুকুরের কাছে এসে শান্তার কোলে থাকা মিথিলা ময়েজসহ তাকে ধাক্কা দিয়ে পুকুরের পানিতে ফেলে দেন।

Advertisement

পরে শান্তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাদের পানি থেকে উদ্ধার করেন।  এদিন ফাতেমা খাতুন রাতে মিথিলা, শান্তা ও ফারজানাকেসহ তার দূর সম্পর্কের আত্মীয় নয়ন মিয়ার বাড়িতে রাত যাপন করেন। রাতের কোনো এক সময়ে ফাতেমা খাতুন শিশু মিথিলা ময়েজকে ঘুম থেকে উঠিয়ে রাওনাট গ্রামের সরকার বাড়ির পুকুরের পানিতে ফেলে হত্যা করে পালিয়ে যান। এর পরের দিন মিথিলা ময়েজকে মৃত অবস্থায় পুকুরের পানি থেকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহত শিশুর মা মোসা. নেলী বেগম বাদী হয়ে ঐ বছরের ১৭ জুলাই কাপাসিয়া থানায় মামলা দায়ের করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা কাপাসিয়া থানার এসআই একে আজাদ একমাত্র আসামি ফাতেমা খাতুনকে অভিযুক্ত করে ২০০৮ সালের ১০ ফেব্রুয়ারি আদালতে চার্জশিট দাখিল করেন। আদালত সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষ বুধবার এ মামলার রায় ঘোষণা করেন। ঘটনার পর থেকে আসামি ফাতেমা খাতুন পলাতক রয়েছেন। পারিবারিক কলহ ও পূর্ব শত্রুতার জেরে শিশু মিথিলা ময়েজকে পুকুরের পানিতে ফেলে হত্যা করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!