ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বকশীগঞ্জে কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩৯, ২১ জুলাই ২০২৩
বকশীগঞ্জে কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে নিহত ১
দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যান এবং অটোরিকশা- ছবি: ডেইলি বাংলাদেশ

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় কাভার্ডভ্যান এবং অটোরিকশার সংঘর্ষে শামীম মিয়া নামে এক কিশোর নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো একজন।

শুক্রবার দুপুর ২টায় বকশীগঞ্জ উপজেলা পরিষদের সামনে বকশীগঞ্জ-রৌমারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শামীম মিয়া শেরপুরের শ্রীবরদী উপজেলার পূর্ব ছনকান্দা মৃধা পাড়া এলাকার পুক্কা মিয়ার ছেলে। এছাড়া আহত রাকিবুল হাসান একই এলাকার সাফিজল হকের ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরে বকশীগঞ্জ থেকে একটি কাভার্ডভ্যান ধানুয়া কামালপুরের দিকে যাচ্ছিল। পথে বকশীগঞ্জ উপজেলা পরিষদের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে কাভার্ডভ্যানটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শামীম মিয়া নিহত হয়। এ সময় আহত হন রাকিবুল হাসান নামে এক যুবক।

Advertisement

বকশীগঞ্জ থানার ওসি মো. সোহেল রানা জানান, দুর্ঘটনার খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। এছাড়া আহত যুবককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!