বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আলাউল হাসান। আহতরা হলেন, মাদারীপুর সদর উপজেলার সৈদারবালী এলাকার হারুণ শিকদারের ছেলে রুবেল শিকদার ও তার স্ত্রী সুমি আক্তার।
জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় রুবেল শিকদার তার স্ত্রী সুমিকে নিয়ে রিকশায় করে পুরান বাজার যাচ্ছিলেন। তারা পৌরসভার বটতলা এলাকায় পৌঁছালে পূর্ব শত্রুতার জেরে স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্য রবিন বেপারী, আরমান বেপারী, জিতু বেপারীসহ আরো বেশ কয়েকজন কিশোর তাদের রিকশা থেকে নামিয়ে রাস্তায় ফেলে মারধর করতে থাকে। তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে পালিয়ে যায় কিশোর গ্যাংয়ের সদস্যরা। পরে আহত অবস্থায় রুবেল ও তার স্ত্রীকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
.png)
ভুক্তভোগী রুবেল শিকদার জানান, মঙ্গলবার বিকেলে আগে থেকে ওঁত পেতে থাকা স্থানীয় রবিন বেপারী ও আরমানসহ বেশ কয়েকজন মিলে আমাকে রিকশা থেকে নামিয়ে মারধর করে। এ সময় আমার স্ত্রীর ওপর হামলা চালায় তারা। পরে স্থানীয়রা ছুটে এলে পালিয়ে যায় হামলাকারীরা। এ সময় স্থানীয়রা আমাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
অতিরিক্ত পুলিশ সুপার মো. আলাউল হাসান বলেন, এ ঘটনার একটি ভিডিও পুলিশের হাতে এসেছে। ভুক্তভোগীর লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।