ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ঈশ্বরদীতে পৃথক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ২৩:০৯, ১৪ জুলাই ২০২৩
ঈশ্বরদীতে পৃথক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু
ছবি: ডেইলি বাংলাদেশ

পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে গোসল করতে নেমে রাব্বি ফকির (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এছাড়া মোটরসাইকেলের ধাক্কায় আব্দুল করিম (৬২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শুক্রবার (১৪ জুলাই) দুপুরে আলাদা দুটি দুর্ঘটনা ঘটে। নিহত করিম উপজেলার পাকশী ইউনিয়নের জিগাতলা গ্রামের মৃত হাসেন উদ্দিনের ছেলে। তিনি পেশায় পান বিক্রেতা ছিলেন। আর মৃত যুবক রাব্বি সাহাপুর ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের জামরুল ফকিরের ছেলে। তিনি পেশায় শ্রমিক ছিলেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আব্দুল করিম দুপুরে জুমার নামাজ পড়তে বাড়ি থেকে বের হন। জিগাতলা মোড়ে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি রাস্তার উপর ছিটকে পড়ে মাথায় আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে নেবার পথে তিনি মারা যান।

অপরদিকে, রাব্বি তার চাচাতো ভাইসহ অন্যদের সাথে নলগাড়ি পদ্মার শাখা নদীতে গোসল করতে নামেন। এক পর্যায়ে রাব্বাী পা ফসকে ব্লকের নিচে নেমে গেলে প্রবল স্রোতে তলিয়ে যান। পরে অন্যান্যরা তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে রূপপুর গ্রীণসিটি মডার্ন ফায়ার সার্ভিস ও রাজশাহী থেকে আসা ডুবুরি দলসহ স্থানীয়রা নদীর বিভিন্ন স্থানে তল্লাশি শুরু করে।

ঈশ্বরদীর রূপপুর গ্রীণসিটি মডার্ন ফায়ার সার্ভিস স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মেহেরুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, তল্লাশি চালানোর এক পর্যায়ে সন্ধ্যা ৭টার দিকে নিখোঁজ যুবক রাব্বির মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এনকে
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!