ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জয়পুরহাটে আলিম হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১১, ১৩ জুলাই ২০২৩
জয়পুরহাটে আলিম হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন
ছবি: সংগৃহীত

জয়পুরহাটে আব্দুল আলিম নামের একজনকে হত্যা মামলায় দুই ভাইসহ ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।  একইসঙ্গে তাদের ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক আব্বাস উদ্দিন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন সদর উপজেলার কড়ই কাদিরপুর গ্রামের আব্দুস সালামের ছেলে আমিনুর ইসলাম, ইদা মণ্ডলের ছেলে আব্দুল কুদ্দুস ও আব্দুল হান্নান, মানিক মিয়ার ছেলে আনোয়ার, আফির উদ্দিন ওরফে আফিল উদ্দিনের ছেলে দুদু ও আয়েজ উদ্দিনের ছেলে ঘুটু আলম।

Advertisement

নিহত আব্দুল আলিম সদর উপজেলার বম্বু ইউপির হিচমী ফকিরপাড়া গ্রামের বাসিন্দা।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) নিপেন্দ্রনাথ মণ্ডল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, ২০০৯ সালের ৭ মার্চ রাতের খাবার খেয়ে পার্শ্ববর্তী কড়ই কাদিরপুর গ্রামের আব্দুল মান্নান মৌলভীর পুকুর পাহারা দিতে যান আব্দুল আলিম।  পরদিন সকালে পুকুরপাড়ের পাশে ধানক্ষেতে হাত ও পা বাঁধা অবস্থায় তার লাশ পাওয়া যায়।

এ ঘটনায় পরের দিন নিহতের স্ত্রী মোসলেমা বেগম বাদী হয়ে সদর থানায় মামলা করেন।  মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ফারুক খলিল তদন্ত শেষে একই বছরের ২২ জুলাই আদালতে ছয়জনের নামে অভিযোগপত্র জমা দেন।  এরপর দীর্ঘ শুনানিতে ৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আজ দুপুরে এ রায় ঘোষণা করেন বিচারক।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: জয়পুরহাট
লিংক সফলভাবে কপি হয়েছে!