ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গোপালগঞ্জে ব্যবসায়ী হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

গোপালগঞ্জ প্রতি‌নি‌ধি
প্রকাশিত: ১৭:২৬, ১০ জুলাই ২০২৩
গোপালগঞ্জে ব্যবসায়ী হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড
গোপালগঞ্জের জেলা ও দায়রা জজ আদালত- ফাইল ফটো

গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় ব্যবসায়ী লুৎফর মোল্লা হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার দুপুরে গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মাকসুদুর রহমান এ আদেশ দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। 

জানা গেছে, লুৎফর মোল্লা দীর্ঘদিন ব্যবসার জন্য বিভিন্ন লোকজনকে টাকা ধার দিয়ে আসছিলেন। ২০২১ সালের ৭ অক্টোবর সন্ধ্যায় টুঙ্গিপাড়া উপজেলার নিলফা বাজারে চা খেয়ে পাওনা টাকা নিয়ে একই উপজেলার চরকুশলী গ্রামে যান। সেখান থেকে রাত ১০টার দিকে লুৎফর রহমানের মোবাইল ফোনে একটি কল আসে। সেখান থেকে তিনি ফোনে কথা বলতে বলতে হেঁটে বাড়ির দিকে রওনা হন। পথে ঐ এলাকার সোলাইমান শিকদারের বাগানের কাছে পৌঁছলে কে বা কারা এলোপাথাড়ি কুপিয়ে মারাত্মক জখম অবস্থায় ফেলে রেখে যান। পরে স্থানীয় নিজামুল মোল্লা লুৎফর মোল্লার ছেলে সজীব মোল্লাকে ফোনে বিষয়টি জানান। পরে সজীব মোল্লা পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে তার বাবাকে মৃত অবস্থায় দেখতে পান।

Advertisement

এ ঘটনায় নিহতের ছেলে সজীব মোল্লা বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা তিনজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে সোমবার দুপুরে এ মামলায় মফিজুর রহমান ওরফে মফিজ হাওলাদার, আব্দুল্লাহ শিকদার ও সাজেদুল ইসলামের ফাঁসির রায় ঘোষণা করেন আদালত।

এ রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন বাদী পক্ষের আইনজীবী আজগর আলী খান।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!