ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

তুলে নিয়ে কিশোরীকে বিয়ে, বিচ্ছেদের পর কারাগারে যুবক

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪৬, ৬ জুলাই ২০২৩
তুলে নিয়ে কিশোরীকে বিয়ে, বিচ্ছেদের পর কারাগারে যুবক
ফাইল ছবি

নোয়াখালীর চাটখিলে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে জেলার চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া তার কার্যালয়ে এ দণ্ডাদেশ দেন।  

দণ্ডপ্রাপ্ত আশিক এলাহি (২৫) উপজেলার নোয়াখোলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাত্রাপাড়া গ্রামের আমির উদ্দিন মিজি বাড়ির হারুনুর রশিদের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আশিক এলাহি সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের চলতি বছর এসএসসিতে অংশ নেয়া ১৬ বছর বয়সী এক ছাত্রীকে জোর করে তুলে নেয়। এরপর ভুয়া তথ্য দিয়ে বানানো নকল জন্ম নিবন্ধন সনদ উপস্থাপন করে নোটারির মাধ্যমে গত মার্চ মাসে দুই লাখ টাকা দেনমোহরে বিয়ে করে। কাগজপত্র ঘষামাজা করে নিজের বয়সও বদলে ফেলে আশিক।

Advertisement

বিষয়টি জানাজানি হলে গত এপ্রিলে তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। কিন্তু ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পরেও আশিক মেয়েটিকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিল। এসএসসি পরীক্ষার সময় যাতায়াতে তাকে বাধা দেওয়ার পাশাপাশি মেয়েটির পরিবারকে বিভিন্ন হুমকি দিয়ে আসছিল। বিষয়টি নিয়ে ইউএনও বরাবর অভিযোগ করে মেয়েটির পরিবার।

চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, জোরপূর্বক বাল্যবিবাহ, প্রকৃত বয়স চুরি, রাস্তায় মেয়েকে উত্ত্যক্ত করাসহ বিভিন্ন অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামিকে বাল্যবিবাহ নিরোধ আইনে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: নোয়াখালী
লিংক সফলভাবে কপি হয়েছে!