ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আখাউড়ায় কাঁচা মরিচের দাম অর্ধেকে নেমেছে

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ২২:০৯, ৩ জুলাই ২০২৩
আখাউড়ায় কাঁচা মরিচের দাম অর্ধেকে নেমেছে
কাঁচা মরিচ- ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সব হাট-বাজারে গত কয়েকদিন কাঁচা মরিচ ঊর্ধ্বমুখী থাকার পর অবশেষে দাম কমতে শুরু করেছে। প্রতি কেজিতে কাঁচা মরিচের দাম ৪০০ টাকা কমেছে। একদিন আগেও ৮০০ থেকে এক হাজার টাকায় বিক্রি হয়েছে।

সোমবার সকাল থেকে খুচরায় ৫০০ থেকে ৬০০ টাকা কেজিতে বিক্রি হয় কাঁচা মরিচ। কাঁচা মরিচ আমদানি শুরু হওয়ায় দাম কমতে শুরু করেছে। কয়েকদিনের মধ্যে সরবরাহ বেড়ে গেলে আরো দাম কমবে বলে জানান ব্যবসায়ীরা। এদিকে কাঁচা মরিচের দাম কমতে শুরু হওয়ায় সাধারণ ক্রেতাদের মাঝে স্বস্তি ফিরে আসতে শুরু করেছে।

এদিকে সোমবার দুপুরে পৌরশহরের সড়ক সবজি বাজার ঘুরে দেখা যায়, গত কয়েক দিনের তুলনায় কাঁচা মরিচের সরবরাহ বৃদ্ধি পেয়েছে। তবে খুচরা বিক্রেতারা কম পরিমাণ কাঁচা মরিচ ক্রয় করে বিক্রি করছেন। কারণ দিনদিন কমছে মরিচের দাম। তাই তারা পরিমাণ মতো ক্রয় করছেন।

Advertisement

সড়ক বাজারের সবজি বিক্রেতা দিলীপ চন্দ্র বণীক বলেন, গতকাল পাইকারিতে ৭০০ টাকা কেজিতে কাঁচা মরিচ কেনা হয়েছে। আজকে সেই কাঁচা মরিচ সাড়ে ৪০০ টাকায় কেনা হয়। তাই খুচরা পর্যায়ে ৬০০ টাকায় বিক্রি হচ্ছে। দু-একদিনের মধ্যেই মরিচের দাম আগের মতো স্বাভাবিক হয়ে যাবে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী জানান, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে। কোনো পণ্য অতিরিক্ত দামে বিক্রি করার সুযোগ নেই।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!