ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বৈরি আবহাওয়া কাটিয়ে বিনোদন কেন্দ্রে দর্শনার্থীরা

মো. রাকিবুর রহমান, চট্টগ্রাম
প্রকাশিত: ১৭:৫৮, ৩০ জুন ২০২৩
বৈরি আবহাওয়া কাটিয়ে বিনোদন কেন্দ্রে দর্শনার্থীরা
ছবি: ডেইলি বাংলাদেশ

ঈদের দিন বিকেল থেকে বৈরি আবহাওয়ার কারণে চট্টগ্রামের বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীর আনাগোনা কিছুটা কম থাকলেও দ্বিতীয় দিনের চিত্র পুরো ভিন্ন। এদিন সকাল থেকে নারী-শিশুসহ সব বয়সী মানুষের পদচারণায় মুখর রয়েছে সকল বিনোদন কেন্দ্র।

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র সৈকত পতেঙ্গা, কর্ণফুলী নদীর পাড় নেভাল, প্রজাপতি পার্ক, আগ্রাবাদের কর্ণফুলী শিশুপার্ক, কাজির দেউড়ি শিশুপার্ক, বহদ্দারহাটের স্বাধীনতা কমপ্লেক্স, ফয়’স লেক, চিড়িয়াখানা, সি-ওয়ার্ল্ডসহ কয়েকটি বিনোদন কেন্দ্র ঘুরে দেখা গেছে ঠিক একই চিত্র।

স্ত্রীকে নিয়ে পতেঙ্গা সমুদ্র সৈকতে এসেছিলেন ব্যাংক কর্মকর্তা মো. হেলাল উদ্দিন। ডেইলি বাংলাদেশকে তিনি বলেন, ঈদের দিন নানা ব্যস্ততায় কেটেছে। তাই দ্বিতীয় দিন সুযোগ পেয়ে স্ত্রীকে নিয়ে ঘুরতে বেরিয়েছি। ছুটি শেষে আবার কাজে ফিরতে হবে। তাই ছুটির সময়টাকে উপভোগ করছি।

Advertisement

ছবি: ডেইলি বাংলাদেশ

পরিবার নিয়ে চট্টগ্রাম চিড়িয়াখানায় এসেছিলেন বেসরকারি একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা মো. হাবিবুর রহমান। তিনি বলেন, ঈদের ছুটিতে বাড়িতে তেমন একটা যাওয়া হয় না। মা-বাবাসহ পরিবারের সবাই চট্টগ্রামে থাকেন। তাদের নিয়ে এখানেই ঈদ উদযাপন করি। পরিবারের সঙ্গে ঈদ উপযাপন অবশ্যই আনন্দের। সবাইকে নিয়ে চিড়িয়াখানায় ঘুরতে এসেছি। ভালো লাগছে।

সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম চিড়িয়াখানায় যুক্ত হয়েছে নতুন নতুন প্রাণী। বর্তমানে এখানে ৬৬ প্রজাতির ছয় শতাধিক পশুপাখি রয়েছে বলে জানিয়েছেন চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ।

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে নতুন নতুন প্রাণী যুক্ত হওয়ায় চট্টগ্রাম চিড়িয়াখানা এখন শিশুদের বিনোদনের অন্যতম আকর্ষণীয় স্পট হয়ে উঠেছে। সামনে জলহস্তি আনা হবে।

চিড়িয়াখানার পাশে থাকা কনকর্ডের ফয়’স লেক অ্যামিউজমেন্ট পার্ক এবং সি-ওয়ার্ল্ডও সেজেছে ঈদের সাজে। দর্শনার্থীদের আকর্ষণ বাড়াতে নানা উদ্যোগ নিয়েছে কনকর্ড কর্তৃপক্ষ। সেখানেও দর্শনার্থীর সংখ্যা চোখে পড়ার মতো।

ফয়’স লেক অ্যামিউজমেন্ট পার্কের ডেপুটি ম্যানেজার (মার্কেটিং) বিশ্বজিৎ ঘোষ বলেন, ফয়’স লেক অ্যামিউজমেন্ট পার্ক এবং সি-ওয়ার্ল্ডে দর্শনার্থীরা আসছেন। সামনে সেই সংখ্যা আরো বাড়বে।

ছবি: ডেইলি বাংলাদেশ

এদিকে, জেলা প্রশাসনের উদ্যোগে চালু হওয়া ‘পর্যটক বাস’ সার্ভিস ফেলেছে বেশ সাড়া। পর্যটকদের সুবিধার্থে বাসগুলোতে যুক্ত করা হয়েছে ওয়াইফাই সংযোগ। নিরাপত্তার জন্য বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা।

সাপ্তাহিক বন্ধের দিন শুক্র ও শনিবার বাসগুলোতে পর্যটকের চাপ থাকে বেশি। পাশাপাশি ঈদের ছুটিতে চাপ লক্ষ্য করা গেছে। প্রতিদিন বিকেল ৩টা ও ৪টায় নিউমার্কেট থেকে ফৌজদারহাট ডিসি পার্ক হয়ে পতেঙ্গা সমুদ্র সৈকতের উদ্দেশে যাত্রা করে পর্যটক বাস। সন্ধ্যা ৭টা ও রাত ৮টায় পতেঙ্গা থেকে ফিরে বাস দুইটি। তবে ছুটির দিনগুলোতে বিকেলের পাশাপাশি সকালেও চলাচল করে এ দুই বাস। নিউমার্কেট থেকে ফৌজদারহাট ডিসি পার্ক পর্যন্ত ভাড়া গুনতে হয় ৪০ টাকা। আর ফৌজদারহাট ডিসি পার্ক থেকে পতেঙ্গা সমুদ্র সৈকত যেতে গুনতে হয় ৩০ টাকা।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!