শনিবার দিবাগত রাতে তিনজন চোর কোল্ড স্টোরেজের ভল্ট ভেঙে এই টাকা চুরি করে। আর চুরির এই দৃশ্য কোল্ড স্টোরেজের সিসি টিভি ক্যামেরায় ধরা পড়েছে।
কোল্ড স্টোরেজের ম্যানেজার লিয়াকত আলী জানান, রাতে তারা সব টাকা হিসাব করে ভল্টে রেখে গিয়েছিলেন। বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার এই তিনদিনের মোট ৩০ লাখ ৬৭ হাজার ৭২ টাকা ছিলো ভল্টে।
.png)
তিনি জানান, সকালে পরিচ্ছন্ন কর্মী এসে দেখে অফিসের তালা ভাঙা এবং সবকিছু এলোমেলো হয়ে আছে। তারা সাথে সাথে তাকে ফোন দেন। তিনি গিয়ে দেখেন ভল্ডের তালা ভাঙা। ভিতরে কোনো টাকা নেই। পরে সিসিটিভির ফুটেজে দেখা যায়, তিনজন ব্যক্তি ভেতরে প্রবেশ করে ভল্টের তালা ভেঙে টাকা লুট করে নিয়ে যাচ্ছে। তিনজনের মধ্যে একজনের মুখ খোলা ছিল। বাকি দুইজনের মুখ ঢাকা ছিলো। কোল্ড স্টোরেজের পাহারায় রাতে এআইডি কোম্পানির তিনজন গার্ড ছিল। ধারণা করা হচ্ছে, তাদের যোগসাজসেই চুরিটি হয়েছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
কোল্ড স্টোরেজের মালিক রাজশাহী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার জানান, তিনি চোখের অপারেশনের কারণে গতকাল অফিসে আসতে পারেননি। তিনদিনের টাকা একসাথে নিয়ে গিয়ে রোববার ব্যাংকে জমা দেওয়ার কথা ছিল। আর কোল্ড স্টোরেজে এমন চুরির ঘটনা এর আগে ঘটেনি। এ বিষয়ে তারা আইনগত সহায়তা নিচ্ছেন।
পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক পারভেজ জানান, কোল্ড স্টোরেজের সব ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এছাড়াও নিরাপত্তার দায়িত্বে থাকা তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ডাকাতির সঙ্গে জড়িতদের চিহ্নিত ও টাকা উদ্ধারে পুলিশ তৎপরতা চালাচ্ছে বলে জানান এই কর্মকর্তা।