ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টেকনাফে তিন রোহিঙ্গাকে অপহরণ, মুক্তিপণ দাবি

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ০২:৫৯, ২৩ জুন ২০২৩
টেকনাফে তিন রোহিঙ্গাকে অপহরণ, মুক্তিপণ দাবি
রোহিঙ্গা ক্যাম্প। ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে তিন রোহিঙ্গা যুবককে অপহরণ করেছে দুর্বৃত্তরা। অপহৃতদের পরিবারের কাছ থেকে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করা হচ্ছে। ২১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের কমিউনিটি নেতা (মাঝি) মো. আজিজুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

অপহৃতরা হলেন টেকনাফের হোয়াইক্যং ইউপি চাকমারকুল ২১ নম্বর ক্যাম্পের সি/১ ব্লকের নবি হোসাইনের ছেলে রিজিম উল্লাহ, একই ব্লকের মো. খলিলের ছেলে রিয়াজ উদ্দিন ও ইসমাইলের ছেলে মজিবুল্লাহ।

রোহিঙ্গা ক্যাম্পের কমিউনিটি নেতা মাঝি মো. আজিজুল হক জানান, বুধবার সকাল ১০টার দিকে অপহৃত তিনজন ক্যাম্প থেকে বের হন। পরবর্তীতে বৃহস্পতিবার সকালে তারা বাড়িতে মুঠোফোনে কল করে জানান, তাদের অপহরণ করে ব্যাপক নির্যাতন করা হচ্ছে। অপহরণকারীরা তাদের কাছ থেকে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করছেন। মুক্তিপণের টাকা না পেলে তাদেরকে হত্যা করা হবে বলেও হুমকি দিচ্ছে।

Advertisement

টেকনাফস্থ ১৬ এপিবিএনের পুলিশ সুপার জামাল পাশা বলেন, ক্যাম্পে তিন রোহিঙ্গা অপহরণের বিষয়টি জেনেছি। তাদের উদ্ধারে অভিযান চলছে। 

গত ৭ মাসে টেকনাফের পাহাড় কেন্দ্রিক ৭৯ জনকে অপহরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে তিনজনের লাশ উদ্ধার হলেও অন্যরা মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছে। এসব ঘটনায় মামলা হয়েছে ৩৯ টি। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!